গ্রীষ্মের তীব্র দাবদাহ ও বিদ্যুতের রেকর্ড চাহিদার মুখে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’ (ভিপিপি) প্রযুক্তিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে চীনের অর্থনৈতিক কেন্দ্র শাংহাই। ডিজিটাল ব্যবস্থাপনায় সর্বোচ্চ ১৬ দশমিক ৫ লাখ কিলোওয়াট বিদ্যুৎ লোড সমন্বয় করে দেশটি প্রথম শহর হিসেবে এই জাতীয় রেকর্ড গড়ল।
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট হলো একটি অগ্রসর ডিজিটাল নেটওয়ার্ক, যা শহরের বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদন, ব্যাটারি স্টোরেজ ও গ্রাহক পর্যায়ের বিদ্যুতের ব্যবহারকে একত্রিত ও নিয়ন্ত্রণ করে।
উদাহরণস্বরূপ, বিদ্যুতের ঘাটতি দেখা দিলে বাণিজ্যিক ভবনের এসি তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে বা ইভি গাড়ি থেকে পাওয়ার ব্যাংক হিসেবে বিদ্যুৎ সরবরাহ করে গ্রিডের ভারসাম্য রক্ষা করা হয়।
রাষ্ট্রায়ত্ত গ্রিড কোম্পানি জানায়, ২০২৩ সালের ৩ দশমিক ২ লাখ কিলোওয়াট থেকে ২০২৬ সালে এসে শহরের ভিপিপি সক্ষমতা বেড়ে ১৬ দশমিক ৫ লাখ কিলোওয়াটে পৌঁছেছে। কমান্ড প্রদান থেকে বাস্তবায়নের সময় বহুগুণ কমে এসেছে, যা বছরে কার্যক্ষমতার দক্ষতা আট গুণেরও বেশি বাড়িয়েছে। একই সাথে পুরো প্রক্রিয়ার নির্ভুলতার হার গড়ে ৮৯ শতাংশে পৌঁছেছে।
চীনের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে দেশজুড়ে এই ডিজিটাল অদৃশ্য পাওয়ার প্ল্যান্ট স্থাপন জোরদার করা হচ্ছে।
সূত্র: সিএমজি


















