নারীদের ডিজিটাল ও এআই শিক্ষায় জোর দিলেন ফেং লিইউয়ান - Mati News
Monday, October 12

নারীদের ডিজিটাল ও এআই শিক্ষায় জোর দিলেন ফেং লিইউয়ান

নারীদের ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী এবং ইউনেস্কোর মেয়ে শিশু ও নারী শিক্ষা উন্নয়নবিষয়ক বিশেষ দূত ফেং লিইউয়ান। স্থানীয় সময় শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত ২০২৬ সালের ইউনেস্কো মেয়ে শিশু ও নারী শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ফেং লিইউয়ান বলেন, মেয়েশিশু ও নারী শিক্ষার প্রসার এখনো একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি নারীদের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়িয়ে তাদের উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে।

তিনি এ বছরের পুরস্কার বিজয়ী মরক্কো ও পেরুর প্রতিনিধিদের অভিনন্দন জানান। তার মতে, মেয়েশিশু ও নারীদের শিক্ষা মানবসভ্যতার অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক।

ফেং বলেন, চীন বরাবরই নারীশিক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে। নারীদের উন্নত শিক্ষা ও অর্থবহ জীবন নিশ্চিত করার পাশাপাশি ইউনেস্কোসহ বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিশ্বজুড়ে নারীদের জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করছে দেশটি। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা বিস্তারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার লিঙ্গসমতা ও নারীর সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা গ্লোবাল সাউথের দেশগুলোর জন্যও সহায়ক হতে পারে।

উল্লেখ্য, ২০১৫ সালে চীন ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে এ পুরস্কার চালু হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *