বড় আকারের বায়ুশক্তি চালিত প্রপালশন ব্যবস্থা উন্মোচন চীনে - Mati News
Sunday, May 3

বড় আকারের বায়ুশক্তি চালিত প্রপালশন ব্যবস্থা উন্মোচন চীনে

এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: জাহাজের জন্য বড় আকারের বায়ুশক্তি সহায়ক প্রপালশন ব্যবস্থা উন্মোচন করেছে চীন। শুক্রবার উত্তর-পূর্ব চীনের তালিয়ান শহরে এ প্রযুক্তি প্রদর্শন করা হয়। এর মাধ্যমে উচ্চমানের সামুদ্রিক পরিবেশবান্ধব সরঞ্জাম উন্নয়নে নতুন অগ্রগতি অর্জন করল দেশটি।

নতুন এই ব্যবস্থার নাম রোটেটিং সেল সিস্টেম। তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ করপোরেশনের অধীনে থাকা লুওইয়াং শিপ ম্যাটেরিয়াল রিসার্চ ইনস্টিটিউট।

এই সিস্টেমের রোটরের ব্যাস ৫ মিটার, উচ্চতা ৩৫ মিটার এবং ওজন প্রায় ১৫০ টন।

বিশেষজ্ঞরা জানান, জাহাজ চলার সময় এই প্রযুক্তি বাতাসের শক্তি ব্যবহার করে অতিরিক্ত ধাক্কা তৈরি করে, যা জাহাজকে এগিয়ে নিতে সহায়তা করে।

এ প্রযুক্তি ব্যবহারে বড় সমুদ্রগামী জাহাজের জ্বালানি খরচ গড়ে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমবে কার্বন নিঃসরণও।

এই ব্যবস্থা কাজ করে ম্যাগনাস ইফেক্ট নামের একটি বৈজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করে। এটি অনেকটা টেবিল টেনিসে স্পিন দেওয়া বলের মতো—যেখানে দ্রুত ঘূর্ণনের কারণে চারপাশের বাতাসের চাপের পার্থক্য তৈরি এবং সেখান থেকে অতিরিক্ত ধাক্কা তৈরি হয়।

সানরুই মেরিন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কুয়ো ইয়ু জানান, এই রোটেটিং সেলটি মিনিটে সর্বোচ্চ ১৮০ বার ঘুরতে পারে এবং সর্বোচ্চ ৩৫৫ কিলোনিউটন পর্যন্ত থ্রাস্ট তৈরি করতে পারে।

এ ছাড়া এতে একাধিক সেন্সর ও স্মার্ট অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বাতাস ও জাহাজের অবস্থা বিশ্লেষণের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমের কার্যক্রমে সামঞ্জস্য আনে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিটির কর্মক্ষমতা আন্তর্জাতিক মান পূরণ করেছে। একই সঙ্গে বৃহৎ কাঠামো নির্মাণ, জটিল সিস্টেম সমন্বয় এবং বুদ্ধিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো বেশ কিছু প্রকৌশলগত চ্যালেঞ্জও সফলভাবে অতিক্রম করা হয়েছে।

বর্তমানে এই প্রযুক্তির জন্য প্রথম দফার অর্ডারও পাওয়া গেছে। নির্ধারিত সময়ের মধ্যেই এটি বাস্তব জাহাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সূত্র: সিএমজি

 

 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *