সাধারণ জীবনের সৌন্দর্যের লিপিকার ছাই কাও - Mati News
Sunday, November 22

সাধারণ জীবনের সৌন্দর্যের লিপিকার ছাই কাও

মাহমুদ হাশিম

২০২৬ সালের ‘হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন পুরস্কার’ বিজয়ী চীনা লেখক, চিত্র ও অলঙ্করণশিল্পী ছাই কাওয়ের নতুন বই ‘সান এন্ড ‍মুন’ (সূর্য ও চাঁদ) প্রকাশিত হয়েছে। বইটি নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি সম্প্রতি কুয়াংতোং প্রদেশের শেনচেন সফর করেন।

ছাই কাও চীনের একজন অগ্রগামী চিত্রশিল্পী। লোকশিল্প থেকে অনুপ্রাণিত তাঁর উষ্ণ চিত্রকর্মগুলোতে ঐতিহ্যবাহী চীনা কালি ও তুলির নান্দনিকতার সাথে মিশে থাকে শিশুর মতো বিস্ময়বোধ; যা লোককাহিনী এবং দৈনন্দিন জীবনযাত্রাকে জীবন্ত করে তোলে।

‘সান অ্যান্ড মুন’ বইটিতে তাঁর জীবনের ২০ বছরের অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে। এতে ৪৫ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত—অর্থাৎ মোটামুটি ১৯৯১ থেকে ২০১১ সাল পর্যন্ত—তাঁর লেখা ডায়েরি থেকে নির্বাচিত অংশগুলো সংকলিত হয়েছে।

বইটিতে তিনি অত্যন্ত মমতা দিয়ে দৈনন্দিন জীবনকে স্পর্শ করেছেন: বারান্দায় পরম যত্নে গড়ে তোলা বাগান থেকে শুরু করে পশ্চিম হুনান প্রদেশের ছোট শহরের স্থানীয় প্রথা ও সেখানকার মানুষজন; বিদ্যুৎহীন রাতের সূক্ষ্ম অনুভূতি থেকে শুরু করে বিদেশের বইমেলায় কোনো একটি ছবির বই খুঁজে পাওয়ার আনন্দ—সবই উঠে এসেছে এতে। তিনি একাধারে কন্যা, বোন, স্ত্রী, মা ও দাদি; আবার একই সঙ্গে চিত্রশিল্পী, সম্পাদক এবং সর্বোপরি—জীবনের একজন লিপিকার। তিনি অনায়াসেই নিজের এই বহুমুখী পরিচয়ের মাঝে বিচরণ করেন। প্রতিটি ভূমিকাই যেন এক একটি জানালা, যা সময়ের বিভিন্ন দিক এবং স্মৃতির গভীরে লুকিয়ে থাকা সেই মৃদু আভাগুলোকে উন্মোচিত করে, যা কখনোই মুছে যায় না।

বইটিতে রয়েছে নানা বয়ান, আলোচনা ও চিন্তন—যার মধ্যে অন্তর্ভুক্ত আছে তাঁর শৈশবের স্মৃতি এবং গত শতাব্দীতে পশ্চিম হুনান অঞ্চলের মানুষ ও তাদের জীবনরীতির কথা।

বইটির শিরোনাম সম্পর্কে ছাই কাও বলেন, এটি হলো “সময়ের আশীর্বাদের প্রতি কৃতজ্ঞতাবোধ”। তিনি আরও বলেন, “শৈশব থেকে বর্তমান পর্যন্ত জীবনের পুরো সময়টার দিকে ফিরে তাকালে মনে হয়, কত দ্রুতই না তা পেরিয়ে গেল!”

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বইটিতে যে সময়কালের কথা উঠে এসেছে, তা ছিল তাঁর জীবনের এক সন্ধিক্ষণ। সেই সময়ে তিনি গ্রামীণ এলাকায় ছয় বছর শিক্ষকতা করার পর শিশুদের প্রকাশনা সংস্থায় সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি বলেন, “সেই সময়ের অনেক উষ্ণ স্মৃতি আমার নিজের মনে আজও অম্লান হয়ে আছে।” ছাই-এর মতে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও সবসময়ই সুন্দর কিছু খুঁজে পাওয়া সম্ভব। আর এটাই তাঁর সৃজনশীলতার শুরুর বিন্দু। তিনি বলেন, “খুব সাধারণ বা অগোচরে থাকা বিষয়গুলোর মধ্যেই দেখা যায়—একজন মানুষ কীভাবে গড়ে উঠেছেন, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি তিনি কীভাবে খুঁজে পেয়েছেন এবং কীভাবে তাঁর নান্দনিক সংবেদনশীলতা বিকশিত হয়েছে। এই সংবেদনশীলতা আপনাকে সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি সচেতন করে তোলে; আর এটি মোটেও ছোট কিছু নয়।”

তিনি আরও বলেন, “এটি আপনার উপলব্ধির পরিধিকে জীবনের প্রতিটি সূক্ষ্ম কোণ পর্যন্ত প্রসারিত করে, যার ফলে আপনি আবিষ্কার করতে পারেন যে—সবচেয়ে সুন্দর বিষয়গুলো প্রায়শই সাধারণের আড়ালে লুকিয়ে থাকে, আর সেগুলোকে খুঁজে বের করার দায়িত্ব আমাদেরই। আমরা যদি তা করতে ব্যর্থ হই, তবে সেগুলো দৈনন্দিন জীবনের ভিড়ে হারিয়ে যায়। তাই আমার মনে হয়, প্রতিটি মানুষের লেখাই আসলে হাজারো রূপ ও শৈলীতে প্রকাশিত হতে পারে; এটি সাধারণ মানুষের জীবন এবং তাদের সবচেয়ে সতেজ ও প্রাণবন্ত স্মৃতিগুলোকে ধরে রাখে। কে বলে যে সাধারণ মানুষের লেখা গুরুত্বপূর্ণ নয়?”

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *