সুস্থ চীন-মার্কিন সম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের আহ্বান - Mati News
Thursday, November 12

সুস্থ চীন-মার্কিন সম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের আহ্বান

নভেম্বর ১২: নতুন পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের কৌশলগত দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে মতৈক্যের ক্ষেত্র সম্প্রসারণ, মতপার্থক্য নিয়ন্ত্রণ এবং যৌথভাবে স্থিতিশীল ও সুস্থ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়াও জরুরি। চীন ও যুক্তরাষ্ট্রের প্রায় ৪০০ জন রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধি এ আহ্বান জানান। স্থানীয় সময় ১০ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গালা অনুষ্ঠান ও ২০২৬ সালের পুরস্কার বিতরণী আয়োজনে উপস্থিত থেকে এমনটা বলেন তারা।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চলতি বছরের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের পারস্পরিক সফর নজিরবিহীন। পারস্পরিক সম্মান এবং দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে তুলতে হবে। ঝুঁকি মোকাবিলা এবং ভুল-বোঝাবুঝি এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে নতুন সংলাপব্যবস্থাও প্রতিষ্ঠা করছে দুই দেশ।

তিনি আরও বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় উভয়ের অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে। যুক্তরাষ্ট্র দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ করতে এবং যৌথ সমৃদ্ধি এগিয়ে নিতে কাজ করবে।

মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির পরিচালনা পর্ষদের নির্বাহী সহসভাপতি ইভান গ্রিনবার্গ বলেন, প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাই চীন-মার্কিন সম্পর্কের একমাত্র উপাদান হওয়া উচিত নয়। বিশেষ করে প্রযুক্তিগত বিপ্লব ও গভীর বৈশ্বিক পারস্পরিক নির্ভরশীলতার এ যুগে, দুই বৃহৎ দেশের সহাবস্থানের জন্য নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে বলে জানান তিনি।

কমিটির পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া সারাহ বেরান বলেন, তিনি চীন-মার্কিন সম্পর্কের নানা উত্থান-পতন প্রত্যক্ষ করেছেন। তার দৃঢ় বিশ্বাস, মতপার্থক্য নিয়ন্ত্রণে যোগাযোগ ও মতৈক্য গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটিরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *