কুয়াংতোংয়ে শুরু হলো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই শিল্পকর্ম প্রদর্শনী - Mati News
Thursday, November 12

কুয়াংতোংয়ে শুরু হলো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই শিল্পকর্ম প্রদর্শনী

https://cms-emer-res.cctvnews.cctv.com/cctv/video/20261111/20261111161240801.png

নভেম্বর ১২: চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন), চিনান বিশ্ববিদ্যালয় এবং চায়না ন্যাশনাল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি রিসার্চ অ্যাসোসিয়েশনের (সিএনআইডিএ) যৌথ আয়োজনে চিনান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই-সৃষ্ট শিল্পকর্ম প্রদর্শনী। গতকাল (বুধবার) ‘এশিয়া-প্যাসিফিক তরুণ অভিযান: এশিয়া-প্যাসিফিকের ভবিষ্যৎ আঁকি’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এপেকের ‘যৌথ সমৃদ্ধির জন্য এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গঠন’—এই মূলভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজন করা হয়েছে প্রদর্শনীটি। ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকের আগে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তরুণদের মধ্যে আন্তদেশীয় শিল্পবিনিময় ও বুদ্ধিবৃত্তিক সংলাপের একটি মঞ্চ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চিনান বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক সুন ইউ, সিজিটিএনের সম্পাদকীয় বোর্ডের সদস্য ও এশিয়া-আফ্রিকা কেন্দ্রের উপপরিচালক চাং হুই এবং সিএনআইডিএর সহকারী মহাসচিব লিউ সিং ছেন।

তারা বলেন, এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় মূলত জনগণের মধ্যে সম্পর্ক ও হৃদয়ের বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। বিভিন্ন দেশের তরুণরা ভাষা ও ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে যৌথ শিল্পসৃষ্টির মাধ্যমে উন্মুক্ততা, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের অভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। এ উদ্যোগ এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গঠনের জন্য একটি অপরিহার্য আধ্যাত্মিক ভিত্তি তৈরি করছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একমত হয় যে, এআইভিত্তিক চিত্রশিল্পের মাধ্যমে আয়োজিত এ প্রদর্শনী সভ্যতার মধ্যে সংলাপের একটি নতুন মাধ্যম তৈরি করেছে। একই সঙ্গে এটি ঐতিহ্যবাহী মানবিক ঐতিহ্য ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বয় এবং সহাবস্থানকে উৎসাহিত করছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার জনকেন্দ্রিক ও জনকল্যাণমুখী উন্নয়নের দর্শনও তুলে ধরছে।

এ প্রদর্শনীর জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সৃজনশীল শিল্পকর্ম আহ্বান করা হয়। এতে মোট ২৫২টি এআই-সৃষ্ট শিল্পকর্ম জমা পড়ে। এসব শিল্পকর্মে ব্রুনাই, চিলি, চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, পেরু, রাশিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামসহ এপেকের ১১টি অর্থনৈতিক সত্তার ১৭টি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়।

(রুবি/ফয়সল/সুবর্ণা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *