বায়োমেডিসিন এবং কৃষি যন্ত্রপাতির উদ্ভাবনী উন্নয়নের পাশাপাশি আধুনিক পানি অবকাঠামো নির্মাণের গতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং। সম্প্রতি চীনের শানতোং প্রদেশে সফরে গিয়ে তিনি এই নির্দেশনা দেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য লিউ কুওচোং বায়োমেডিসিন খাতকে উদীয়মান স্তম্ভ শিল্প হিসেবে উল্লেখ করেন। এই খাতের উন্নয়নে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের ওপর জোর দিয়েছেন। এগুলো হলো- উদ্ভাবনী ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের মূল প্রযুক্তিগুলোর ওপর বিশেষ নজর দেওয়া। মৌলিক গবেষণাকে শক্তিশালী করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা। সামগ্রিকভাবে স্বাধীন উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বায়োমেডিসিন শিল্পকে আরও সুদৃঢ় করা।
কৃষিখাতের আধুনিকায়নের বিষয়ে লিউ কুওচোং বলেন, উন্নত কৃষি যন্ত্রপাতি তৈরি ও তার সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি কৃষি যন্ত্রপাতি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে সহায়তা করার আহ্বান জানান। এছাড়া, যন্ত্রপাতির ক্রয় ও পুরাতন পরিবর্তনের জন্য ভর্তুকি নীতিগুলোর কার্যকর ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনের সামগ্রিক যান্ত্রিকীকরণের মাত্রা বাড়ানোর তাগিদ দেন তিনি।
দেশের প্রধান জাতীয় অবকাঠামো হিসেবে ‘পানি নেটওয়ার্কের’ গুরুত্ব তুলে ধরে উপ-প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন স্তরের পানি নেটওয়ার্কগুলোর মধ্যে সমন্বয় ও সংহতি প্রয়োজন। এটি বন্যা নিয়ন্ত্রণ, দুর্যোগ মোকাবিলা, পানি সম্পদের সুষম বণ্টন এবং শহর ও গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করার সক্ষমতাকে কার্যকরভাবে বৃদ্ধি করবে।
সিএমজি বাংলা





















