এফটিএএপি নথি নিয়ে এপেক অর্থনীতিগুলোর সঙ্গে আলোচনা করছে চীন - Mati News
Tuesday, November 17

এফটিএএপি নথি নিয়ে এপেক অর্থনীতিগুলোর সঙ্গে আলোচনা করছে চীন

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড এরিয়া অব দ্য এশিয়া-প্যাসিফিক-এফটিএএপি) সংক্রান্ত একটি চূড়ান্ত নথি নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার (এপেক) অন্যান্য সদস্য অর্থনীতির সঙ্গে আলোচনা করছে চীন। সোমবার, দক্ষিণ চীনের শেনচেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক ছেন ছাও।

আগামী বুধবার ও বৃহস্পতিবার সেখানে ৩৩তম এপেক ইকোনমিক লিডার্স মিটিং অনুষ্ঠিত হবে।

ছেন ছাও বলেন, ‘এ বছর এপেক নেতাদের পক্ষ থেকে এফটিএএপ’’র ধারণা প্রস্তাবের ২০ বছর পূর্তি হচ্ছে। তিনি জানান, চলতি বছর এপেক দুটি প্রধান ক্ষেত্রে এফটিএএপি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।‘

তিনি বলেন, ‘এ উদ্যোগের আওতায় আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থাগুলোর মধ্যে সংলাপ ও সমন্বয় জোরদার করা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ এগিয়ে নেওয়া হচ্ছে। একইসঙ্গে নতুন ক্ষেত্রগুলোতে মুক্ত বাণিজ্য অঞ্চল সম্প্রসারণের সম্ভাবনা খুঁজে বের করা এবং নিয়মকানুনের সমন্বয় বাড়াতে অনুঘটকের ভূমিকা পালন করছে এপেক।‘

ছেন ছাও জানান, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মুক্ত বাণিজ্য অঞ্চল সংক্রান্ত একটি চূড়ান্ত নথি নিয়ে আমরা এপেকের অন্যান্য সদস্য অর্থনীতির সঙ্গে আলোচনা করছি। পাশাপাশি নমনীয় ও বাস্তবসম্মত পদ্ধতিতে বিভিন্ন পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণে সব পক্ষকে উৎসাহিত করছি। এর মধ্যে রয়েছে ‘পাথফাইন্ডার’ পদ্ধতি। এর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের বাধা কমানো এবং নতুন যুগে এফটিএএপি’র উন্নয়নপথ, কর্মপরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।‘

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে নতুন অর্জন ও ঐকমত্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সংলাপ, মতবিনিময় ও বাস্তব সহযোগিতা সক্রিয়ভাবে এগিয়ে নিতে সব পক্ষ কাজ করবে। একইসঙ্গে এফটিএএপি’র পরিধি ও বিষয়বস্তু আরও সমৃদ্ধ করা এবং আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।‘

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *