এফসিসি’র পদক্ষেপে সমর্থন দেওয়ায় মার্কিন কমপ্লায়েন্স টেস্টিংকে কালো তালিকাভুক্ত করল চীন - Mati News
Thursday, August 6

এফসিসি’র পদক্ষেপে সমর্থন দেওয়ায় মার্কিন কমপ্লায়েন্স টেস্টিংকে কালো তালিকাভুক্ত করল চীন

চীন বুধবার ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রভিত্তিক কমপ্লায়েন্স টেস্টিং এলএলসি-কে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে চীনের কোনো সংস্থা বা ব্যক্তি প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের লেনদেন বা সহযোগিতায় অংশ নিতে পারবে না।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জারি করা এবং অবিলম্বে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে বলা হয়, চীনা সংস্থাগুলোর বিরুদ্ধে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) গৃহীত নেতিবাচক পদক্ষেপে সহায়তা ও সমর্থন করার ক্ষেত্রে কমপ্লায়েন্স টেস্টিংয়ের ভূমিকার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এফসিসি’র সাম্প্রতিক পদক্ষেপগুলো চীনা সংস্থাগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। একই সঙ্গে, এসব পদক্ষেপে কমপ্লায়েন্স টেস্টিংয়ের সমর্থন চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নমূলক স্বার্থকে বিপন্ন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা চীনের ‘বিদেশ-বিরোধী নিষেধাজ্ঞা আইন এবং এর বাস্তবায়নকারী প্রবিধানের আওতায় আরোপ করা হয়েছে। এই আইনের মাধ্যমে চীনের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে অংশগ্রহণকারী বা তা সমর্থনকারী বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টাব্যবস্থা গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

এর ফলে অ্যারিজোনা অঙ্গরাজ্যের মেসা শহরভিত্তিক কমপ্লায়েন্স টেস্টিং এলএলসি এখন চীনের ভূখণ্ডে কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে যেকোনো ধরনের ব্যবসায়িক লেনদেন করতে পারবে না।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *