কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং। মঙ্গলবার কুয়াংতোং প্রদেশের শেনচেনে এ বৈঠক করেন তারা।
বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং বলেন, দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-কানাডা সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরেছে।
মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফলপ্রসূ বৈঠকে সহযোগিতা নিয়ে নতুন ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। এই ঐকমত্য বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে চীন-কানাডা নতুন কৌশলগত অংশীদারত্ব আরও সমৃদ্ধ হবে এবং অস্থির বিশ্বে স্থিতিশীলতা আসবে।
এ সময় আনিতা আনন্দ বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ও বিকাশের জোরালো গতি উভয় দেশের অভিন্ন স্বার্থে সহায়ক এবং দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, বাণিজ্য, অর্থায়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, পর্যটন এবং জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ ও সার্বিক সহযোগিতা জোরদারে কানাডা চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখতে বহুপক্ষীয় মঞ্চগুলোতে চীনের সঙ্গে যোগাযোগ ও অবস্থান সমন্বয় জোরদার করতেও কানাডা আগ্রহী।
সিএমজি





















