জাতিসংঘে চীনের বৈশ্বিক উদ্যোগের প্রশংসা শাহবাজ শরিফের - Mati News
Saturday, September 26

জাতিসংঘে চীনের বৈশ্বিক উদ্যোগের প্রশংসা শাহবাজ শরিফের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে চীনের বৈশ্বিক উদ্যোগগুলোর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, এসব উদ্যোগ মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

শুক্রবার সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে শাহবাজ শরিফ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’, ‘গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ’, ‘গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ’ এবং ‘গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ’ সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, এসব উদ্যোগের ভিত্তিতে মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব।

পাকিস্তান চীনের সঙ্গে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি-এর মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করছে বলেও জানান শাহবাজ শরিফ। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল, মধ্য এশিয়া এবং অন্যান্য অঞ্চলের সঙ্গেও সহযোগিতা সম্প্রসারণের কথা উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সিপিইসি পাকিস্তানের উন্নয়ন কৌশলের অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের বৃহত্তর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

২০১৩ সালে চালু হওয়া সিপিইসি চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি পাকিস্তানের গোয়াদর বন্দরকে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগরের সঙ্গে যুক্ত করেছে।

সিপিইসির প্রথম পর্যায়ে জ্বালানি, পরিবহন ও শিল্প সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হলেও নতুন পর্যায়ে কৃষি, জীবিকা উন্নয়নসহ আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *