কোন দেশের একার পক্ষে বৈশ্বিক সংকট সমাধান সম্ভব নয়: ইউএনডিপি প্রধান - Mati News
Sunday, November 8

কোন দেশের একার পক্ষে বৈশ্বিক সংকট সমাধান সম্ভব নয়: ইউএনডিপি প্রধান

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংঘাত, যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয় এবং বাণিজ্য বিঘ্নের মতো সংকট কোন একক দেশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এমনটাই মনে করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু।

বৃহস্পতিবার বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ এবং বহুপক্ষীয় কূটনীতিকে কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

ডি ক্রু বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দারিদ্র্য দূরীকরণ কিংবা উগ্রবাদী সহিংসতা প্রতিরোধ—কোন দেশ একা এসব সমস্যা সমাধান করতে পারবে না। বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ, শক্তিশালী বা বৃহৎ দেশের পক্ষেও এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়।

তিনি বলেন, সংঘাত কমানো ও বন্ধ করতে জাতিসংঘের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বিশ্বের অনেক সংঘাতের ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা কিংবা যুদ্ধবিরতি নিশ্চিত করার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।

এদিকে, ইরানের হরমুজ প্রণালির সংঘাতের উদাহরণ টেনে ইউএনডিপি প্রধান বলেন, যুদ্ধের কারণে জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী খাদ্য কেনার জন্য সন্তানদের শিক্ষার খরচ কমাতে বাধ্য হচ্ছে। সংঘাত বন্ধ এবং যুদ্ধবিরতি বজায় রাখতে যেকোন আন্তরিক উদ্যোগের প্রতি ইউএনডিপির সমর্থন থাকবে বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *