চীন ও জর্জিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের নেতারা। শুক্রবার জর্জিয়ার রাজধানী তিবিলিসি-তে দেশটির প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলির সঙ্গে বৈঠক করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং।
এসময় হান চেং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, ‘ট্রান্সককেশিয়া অঞ্চলে জর্জিয়া চীনের প্রথম কৌশলগত অংশীদার। এ ছাড়া ইউরেশিয়ায় চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠা করা প্রথম দেশও জর্জিয়া।‘
ভাইস প্রেসিডেন্ট হান বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৪ বছরে পারস্পরিক সম্মান, আস্থা ও উভয়ের জন্য লাভজনক সহযোগিতার নীতি অনুসরণ করে দুই দেশ সম্পর্কের স্থিতিশীল অগ্রগতি নিশ্চিত করেছে। চলতি বছরের জুনে দুই দেশের প্রেসিডেন্ট সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার ঘোষণা দেন।‘
তিনি আরও বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা, অবকাঠামো, বাণিজ্য, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বাড়াতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।‘
জবাবে কাভেলাশভিলি চীনের সঙ্গে যোগাযোগ, অবকাঠামো, বাণিজ্য, পর্যটন, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দুই দেশের জনগণের কল্যাণে সার্বিক কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিতে কাজ করবে জর্জিয়া।‘
সূত্র: সিএমজি




















