গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোতে সবুজ ও ডিজিটাল প্রযুক্তি বাড়াতে হাংচৌয়ে ইউএনডিপির বৈঠক - Mati News
Monday, September 14

গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোতে সবুজ ও ডিজিটাল প্রযুক্তি বাড়াতে হাংচৌয়ে ইউএনডিপির বৈঠক

 

উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি, কার্বন নিঃসরণ কমানো এবং ডিজিটাল তথ্য আদান-প্রদান বাড়াতে চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে দুই দিনব্যাপী এক বিশেষ বৈশ্বিক ফোরাম অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধি এবং গবেষকসহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেন। আন্তর্জাতিক নীতি ও প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দেওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন তারা।

প্রতি বছর ১২ সেপ্টেম্বর পালিত ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আন্তর্জাতিক জাতিসংঘ দিবস’ উপলক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। ১৯৭৮ সালের ঐতিহাসিক ‘বুয়েনস আয়ার্স প্ল্যান অব অ্যাকশন’-এর ধারাবাহিকতায় প্রতি বছর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্য নিয়ে এই দিবসটি পালন করা হয়।

চীনে নিযুক্ত ইউএনডিপির প্রধান প্রতিনিধি স্টিফান লিলার জানান, চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ও বিশেষ তহবিলের আওতায় ইতিমধ্যে এশিয়া-প্যাসিফিক, আফ্রিকা ও লাতিন আমেরিকার ২৬টি দেশে ৩৯টি উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এর ফলে সরাসরি উপকৃত হয়েছেন প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার প্রতিনিধি সোফি মুলার জাতিসংঘের মানবিক ত্রাণ সামগ্রী সরবরাহে চীনের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সাশ্রয়ী মূল্য ও মানসম্পন্ন পণ্য সরবরাহের কারণে চীনে তৈরি নানা সরঞ্জাম দিয়ে বিশ্বজুড়ে দ্রুত জরুরি ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে।

বৈঠক শেষে প্রতিনিধিরা হাংচৌ শহরের একটি পরিবেশবান্ধব লো-কার্বন শিল্প পার্ক এবং রোবোটিক্স প্রযুক্তি প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *