তুনহুয়াংয়ে প্রাচীন সিল্ক রোডের ঐতিহ্যে গ্রীষ্মকালীন শিল্প উৎসব শুরু - Mati News
Tuesday, July 21

তুনহুয়াংয়ে প্রাচীন সিল্ক রোডের ঐতিহ্যে গ্রীষ্মকালীন শিল্প উৎসব শুরু

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরে হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রাচীন সিল্ক রোডের ইতিহাসকে কেন্দ্র করে গ্রীষ্মকালীন শিল্প উৎসব শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব দেখতে ও এর মনোমুগ্ধ পরিবেশে বিপুলসংখ্যক পর্যটক সেখানে ভিড় করেন।

তুনহুয়াং সংস্কৃতি ও পর্যটন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসব আগামী ১৫ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ তিন মাসব্যাপী চলবে। তুনহুয়াংয়ের গুরুত্বপূর্ণ পর্যটন সম্পদকে আরও প্রাণবন্ত করে তোলা এবং শহরটির জন্য একটি স্বতন্ত্র গ্রীষ্মকালীন সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক অংশ নেন। তারা দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও শিল্প স্থাপনা উপভোগ করেন।

আয়োজকদের মতে, উৎসব চলাকালে নিয়মিতভাবে নৃত্য পরিবেশনা, হানফু (প্রাচীন চীনা পোশাক) প্রদর্শনী এবং গ্রীষ্মকালীন বাজারসহ নানা আয়োজন থাকবে। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য রাতের সাংস্কৃতিক ও পর্যটন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দুই হাজার বছরেরও বেশি আগে তুনহুয়াং ছিল প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই পথ দিয়ে চীনের রেশম ও চা পশ্চিমে রপ্তানি হতো। অন্যদিকে আঙুর, গাজর, ডালিমসহ একসময় বিদেশি হিসেবে পরিচিত নানা কৃষিপণ্য এই পথেই চীনে প্রবেশ করেছিল।

বর্তমানেও তুনহুয়াং চীনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। এখানেই অবস্থিত বিশ্ববিখ্যাত মোকাও গুহামালা, যেখানে রয়েছে ৭৩৫টি প্রাচীন গুহা, ২ হাজারেরও বেশি রঙিন ভাস্কর্য এবং প্রায় ৪৫ হাজার বর্গমিটারজুড়ে চতুর্থ শতাব্দী থেকে সংরক্ষিত অসাধারণ প্রাচীরচিত্র।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *