শাংহাইয়ে দশম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)-এর প্রদর্শক নিবন্ধন অভিযান শুরু হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যেই ৬৮টি প্রতিষ্ঠান আগামী বছরের প্রদর্শনীতে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।
একই দিন নবম সিআইআইই উদ্বোধনের ১০০ দিনের কাউন্টডাউন-ও শুরু হয়। শাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার-এ আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আগামী বছরের প্রদর্শনীর জন্য ৬৮টি প্রতিষ্ঠান এক বছর আগেই প্রদর্শনী এলাকা নিশ্চিত করেছে। তাদের চুক্তিবদ্ধ প্রদর্শনী এলাকার পরিমাণ ৫০ হাজার বর্গমিটারেরও বেশি।
আয়োজকরা জানান, সিআইআইই চালু হওয়ার পর থেকে প্রতিটি আসরেই ৩০টির বেশি প্রতিষ্ঠান নিয়মিত অংশগ্রহণ করেছে। ধারাবাহিক অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তারা ‘সকল অধিবেশনের প্রদর্শক’ উপাধি অর্জন করেছে।
এদিন সাংহাইয়ে নবম সিআইআইই উপলক্ষে একটি প্রচার ও রোডশো-ও অনুষ্ঠিত হয়। এতে ‘প্রদর্শক-ক্রেতা সংযোগ করিডোর’ আয়োজন করা হয়, যেখানে সিআইআইই-এর ছয়টি প্রধান প্রদর্শনী অঞ্চল, উদ্ভাবন ইনকিউবেশন এলাকা এবং দেশি-বিদেশি প্রদর্শনী আয়োজকদের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে ৬৪ জন প্রদর্শক ও ২০২ জন ক্রেতা সরবরাহ-চাহিদা সংযোগ এবং ব্যবসায়িক আলোচনা করেন। এছাড়া বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানসহ ফরচুন গ্লোবাল ৫০০ তালিকাভুক্ত ৩৭টি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।
সূত্র: সিএমজি বাংলা




















