পাকিস্তানের প্রথম নভোচারীর সঙ্গে মহাকাশে কথা, ঐতিহাসিক মুহূর্ত বললেন চীনা রাষ্ট্রদূত - Mati News
Sunday, November 29

পাকিস্তানের প্রথম নভোচারীর সঙ্গে মহাকাশে কথা, ঐতিহাসিক মুহূর্ত বললেন চীনা রাষ্ট্রদূত

পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর মহাকাশ থেকে সরাসরি কথোপকথনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চিয়াং চিয়াতোং। তিনি বলেন, পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, উত্তেজনা ও গর্বের অনুভূতি।

chinese ambassador pakistan

শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চীনের মহাকাশ স্টেশনে থাকা নভোচারীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং অন্যান্য কর্মকর্তারা।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনা রাষ্ট্রদূত চিয়াং চিয়াতোং এ কথা বলেন। তিনি নিজেও ইসলামাবাদে পাকিস্তানের মহাকাশ ও বায়ুমণ্ডলের উপস্তরের গবেষণা কমিশনের সদর দপ্তরে উপস্থিত থেকে এ ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেন।

রাষ্ট্রদূত বলেন, অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানি কর্মকর্তারা মহাকাশ স্টেশন দেখতে পেয়েছেন এবং নভোচারী আলীর কণ্ঠস্বরও স্পষ্ট শুনতে পেয়েছেন। আলীকে বেশ আনন্দিত ও উৎফুল্ল দেখাচ্ছিল। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ফিল্ড মার্শাল আসিম মুনির ও আলীর প্রতিটি কথোপকথনের পর উপস্থিত ব্যক্তিরা উচ্ছ্বাসের সঙ্গে করতালি দেন।

চিয়াং চিয়াতোং আরও বলেন, চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি অতিথি হিসেবে মুহাম্মদ জিশান আলীকে স্বাগত জানানো এবং এ বিশেষ যোগাযোগের ব্যবস্থা করায় পাকিস্তানের নেতারা চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাকিস্তানের নেতারা মনে করেন, এ আয়োজন দুই দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।

গেল বুধবার উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে শেনচৌ-২৪ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। এতে পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী ও তার চীনা সহযাত্রীরা মহাকাশে পাড়ি জমান। সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *