বিআরআইয়ের পরবর্তী ধাপে অবকাঠামোর চেয়ে বাংলাদেশকে প্রযুক্তি ও সক্ষমতা হস্তান্তরে গুরুত্ব - Mati News
Monday, November 23

বিআরআইয়ের পরবর্তী ধাপে অবকাঠামোর চেয়ে বাংলাদেশকে প্রযুক্তি ও সক্ষমতা হস্তান্তরে গুরুত্ব

বাংলাদেশের সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ভবিষ্যৎ সহযোগিতা কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি হস্তান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি ও দক্ষতা উন্নয়নে সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিআরআইয়ের এক দশক উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান। তিনি সেন্টার ফর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক এবং ব্লু পেপারের প্রধান গবেষক।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ২০১৬ সালে বিআরআইয়ে বাংলাদেশের যুক্ত হওয়ার পর গত এক দশকে বাংলাদেশ-চীন সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাতে চীনের বিনিয়োগ দুই দেশের সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে। তবে ভবিষ্যতে এই সম্পর্ককে আরও কার্যকর ও টেকসই করতে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতার পরবর্তী পর্যায়ে ছয়টি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এগুলো হলো অবকাঠামো ও বহুমাত্রিক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্প, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, উচ্চপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং তৈরি পোশাক ও শিল্পায়ন।

যোগাযোগ অবকাঠামো প্রসঙ্গে তিনি বাংলাদেশে উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলা এবং বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁর মতে, এ ধরনের আঞ্চলিক সংযোগ পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমিয়ে বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করতে পারে।

স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং ওষুধের কাঁচামাল উৎপাদনের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষা খাতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও উদ্ভাবনী কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

প্রযুক্তি সহযোগিতার বিষয়ে অধ্যাপক ইমতিয়াজ বলেন, বাংলাদেশের তরুণদের সফটওয়্যার ও ফ্রিল্যান্সিং দক্ষতার সঙ্গে চীনের উন্নত হার্ডওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয় ঘটানো যেতে পারে। বিশেষ করে বাংলা ভাষার নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ও ভয়েস মডেল তৈরিতে দুই দেশের যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে।

জ্বালানি খাতে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং সবুজ অর্থায়ন বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অন্যদিকে, তৈরি পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করা, আমদানিনির্ভরতা কমানো এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে যৌথ বিনিয়োগের মাধ্যমে উচ্চমূল্যের শিল্পপণ্য উৎপাদনের পরামর্শ দেন এই গবেষক। পাশাপাশি অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে নারী শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষায় পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, বিআরআইয়ের প্রথম দশকে বাংলাদেশ অবকাঠামো উন্নয়নের সুফল পেয়েছে। তবে আগামী দিনের টেকসই উন্নয়নে বিনিয়োগের পরিমাণের চেয়ে এর গুণগত মান, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় সক্ষমতা তৈরি বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও চীনের সম্পর্ককে সত্যিকারের জয়-জয় অংশীদারত্বে পরিণত করতে হলে বাংলাদেশের উদ্ভাবনী শক্তি ও নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *