বেইজিংয়ে বাড়ছে বাড়িভিত্তিক প্রবীণ সেবার ৩০ হাজার শয্যা - Mati News
Wednesday, October 14

বেইজিংয়ে বাড়ছে বাড়িভিত্তিক প্রবীণ সেবার ৩০ হাজার শয্যা

প্রবীণদের বাড়িতে থেকেই সেবা পাওয়ার সুযোগ বাড়াতে আগামী তিন বছরে ৩০ হাজার নতুন শয্যা চালুর পরিকল্পনা করেছে চীনের রাজধানী বেইজিং। শহরের প্রবীণদের জন্য সেবাব্যবস্থা আরও উন্নত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে বেইজিং পৌর নাগরিক বিষয়ক ব্যুরো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম সিসিটিভি।

ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বেইজিংয়ে ৬০ বছর বা তার বেশি বয়সী স্থায়ী বাসিন্দার সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৮৮ হাজারে। শহরের মোট স্থায়ী বাসিন্দার ২৪ দশমিক ৩ শতাংশ প্রবীণ। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে যেতে পারে। ফলে প্রবীণদের সেবা ও পরিচর্যার চাহিদা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এ চাহিদা মোকাবিলায় বাড়িভিত্তিক সেবার পাশাপাশি প্রবীণদের পরিচর্যা প্রতিষ্ঠানে সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ৬০ হাজার শয্যা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালে এসব শয্যা উন্নয়ন ও সনদপ্রাপ্তির উদ্যোগ নেওয়া হবে।

একই সময়ে পরিচর্যা প্রতিষ্ঠানগুলোতে নার্সিং শয্যার হার ৭৩ শতাংশে উন্নীত করা এবং স্মৃতিভ্রংশে আক্রান্ত প্রবীণদের জন্য বিশেষ পরিচর্যা ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া, বেইজিংয়ের বিভিন্ন এলাকায় কমিউনিটিভিত্তিক প্রবীণ সেবাকেন্দ্র সম্প্রসারণ এবং সামগ্রিক সেবাব্যবস্থা আরও উন্নত করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *