মালয়েশিয়ার সঙ্গে উন্নয়নের গভীর সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন: লি ছিয়াং - Mati News
Thursday, October 8

মালয়েশিয়ার সঙ্গে উন্নয়নের গভীর সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন: লি ছিয়াং

মালয়েশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের কৌশলগত অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়ের বাস্তব ও গভীর উন্নয়ন এগিয়ে নিতে চায় চীন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে একথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৃহস্পতিবার পূর্ব চীনের চ্যচিয়াং প্রদেশের হাংচৌতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে লি ছিয়াং বলেন, গতবছরের এপ্রিলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে চীন-মালয়েশিয়া সম্পর্ক ‘সোনালি ৫০ বছরে’ প্রবেশ করেছে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখলে অভিন্ন উন্নয়নে আরও স্থিতিশীলতা আসবে।

জনগণের কল্যাণে দুই দেশের অর্থনৈতিক পরিপূরক সুবিধা কাজে লাগানো, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার এবং বড় অবকাঠামো প্রকল্পে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, চীনের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারত্বকে মালয়েশিয়া অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *