
হুনান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং আজ। শুক্রবার পাঠানো অভিনন্দনবার্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং দেশ-বিদেশের সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।
বার্তায় সি চিন পিং বলেন, হুনান বিশ্ববিদ্যালয় যেন নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের আদর্শকে পথনির্দেশক হিসেবে গ্রহণ করে, গৌরবময় বিপ্লবী ঐতিহ্য ধরে রাখে এবং হাজার বছরের শিক্ষাপ্রতিষ্ঠান ইউয়েলু একাডেমির জ্ঞানচর্চার ধারা এগিয়ে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়কে ‘বাস্তবতার ভিত্তিতে সত্য অনুসন্ধান’ এবং ‘সবার আগে এগিয়ে যাওয়ার সাহস’—এই চেতনা ধারণ করে শিক্ষার মান ও মানদণ্ড ক্রমাগত উন্নত করার আহ্বান জানান তিনি।
দেশের কাজে বাস্তব অবদান রাখতে সক্ষম আরও বেশি মেধাবী মানুষ গড়ে তোলার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে শক্তিশালী দেশ গঠন এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নিতে নতুন অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সি চিন পিং।
হুনান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অবস্থিত ইউয়েলু একাডেমির ইতিহাস এক হাজার বছরেরও বেশি পুরনো। গত একশ বছরে বিশ্ববিদ্যালয়টি ঐতিহ্য সংরক্ষণ ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে দেশ গঠনের জন্য বিপুলসংখ্যক দক্ষ ও মেধাবী জনশক্তি তৈরি করেছে।
সূত্র: সিএমজি












