প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ - Mati News
Tuesday, September 22

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। সোমবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা খাতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। এছাড়া আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে যৌথ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনন্য আত্মত্যাগ, উচ্চমানের শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি মন্তব্য করেন যে, বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত।

প্রতিরক্ষা উপদেষ্টা মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *