চীনের এআই সম্মেলনে মানবকেন্দ্রিক এআই নীতির কথা তুলে ধরল বাংলাদেশ - Mati News
Tuesday, July 21

চীনের এআই সম্মেলনে মানবকেন্দ্রিক এআই নীতির কথা তুলে ধরল বাংলাদেশ

আফরিন মিম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভবিষ্যৎ, বৈশ্বিক শাসনব্যবস্থা এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬-এ বাংলাদেশের মানবকেন্দ্রিক এআই নীতির রূপরেখা তুলে ধরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

চীনের শাংহাইয়ে ১৭ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত চার দিনব্যাপী এ সম্মেলনের হাই-লেভেল মিটিং অন গ্লোবাল এআই গভর্ন্যান্সে বক্তব্য দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার, নৈতিকতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে একটি জাতীয় এআই নীতি প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।

তিনি জানান, সরকার ডিজিটাল নীতি ও আইন আধুনিকায়নের পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা জোরদার, সরকারি খাতে এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন, এআই-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন অঞ্চলে এআই সেন্টার অব এক্সেলেন্স প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করছে।

বৈশ্বিক এআই শাসনব্যবস্থা নিয়ে বক্তব্যে ফকির মাহবুব আনাম নিরাপত্তা, সমতা, অভিযোজন সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতাকে চারটি প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সার্বভৌমত্ব এবং ন্যায্য প্রযুক্তি প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাববিস্তারকারী এআই সম্মেলন হিসেবে বিবেচিত। সেখানে সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনগুলো এআই প্রযুক্তির ভবিষ্যৎ ও বৈশ্বিক নীতিনির্ধারণ নিয়ে মতবিনিময় করে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *