দেশে হামের প্রকোপ অব্যাহত: গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, মোট সংখ্যা ৯০৮ - Mati News
Monday, September 7

দেশে হামের প্রকোপ অব্যাহত: গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, মোট সংখ্যা ৯০৮

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট তিনজন মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৮০৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২১ জনের শরীরে উপসর্গ দেখা দিয়েছে।

হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮০ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে, যা নিয়ে ১৫ মার্চ থেকে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৮০ জনে পৌঁছেছে।

রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বয়সভিত্তিক কোনো তথ্য উল্লেখ করা না হলেও, প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে হওয়া প্রতিটি মৃত্যুকে হামজনিত মৃত্যু হিসেবেই গণ্য করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *