বাংলাদেশি শিক্ষাবিদের চোখে বার্ধক্য ব্যবস্থাপনায় চীনা অভিজ্ঞতা ও সহযোগিতার সুযোগ - Mati News
Sunday, November 29

বাংলাদেশি শিক্ষাবিদের চোখে বার্ধক্য ব্যবস্থাপনায় চীনা অভিজ্ঞতা ও সহযোগিতার সুযোগ

২০২৬ সালের নভেম্বরে বেইজিংয়ে জাতীয় বার্ধক্যবিষয়ক একটি কর্মসম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বার্ধক্যবিষয়ক কাজের ওপর গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এর মধ্যে একটি বাক্য বিশেষ মনোযোগের দাবি রাখে—‘সরকার, বাজার, সমাজ ও পরিবারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

২০২৬ সালের নভেম্বরে বেইজিংয়ে জাতীয় বার্ধক্যবিষয়ক একটি কর্মসম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বার্ধক্যবিষয়ক কাজের ওপর গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এর মধ্যে একটি বাক্য বিশেষ মনোযোগের দাবি রাখে—‘সরকার, বাজার, সমাজ ও পরিবারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

এসব উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়—একটি সমাজ তার প্রবীণদের সঙ্গে কেমন আচরণ করে, তা রাষ্ট্রীয় নীতির ওপর নির্ভর করে না। বিনিয়োগের সুফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হওয়া সত্ত্বেও বাজার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠান এ খাতে কাজ করছে কিনা, সেটা বিবেচনা করাও গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামের একটি মন্তব্য মনে পড়ে। সম্প্রতি বেইজিং সফরকালে তার সঙ্গে আমার আলাপ হয়। পিকিং বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউটে তিনি ‘বাংলাদেশের জনসংখ্যাগত লভ্যাংশ কাজে লাগানো: চীনা অভিজ্ঞতা’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

অধ্যাপক মঈনুলের চীনে উচ্চশিক্ষা ও স্থানীয় নীতি প্রণয়নে অংশগ্রহণের অভিজ্ঞতা আছে। তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা বিজ্ঞানে ডক্টরেট করেছেন। দীর্ঘদিন ধরে জনসংখ্যা, উন্নয়ন ও বার্ধক্যবিষয়ক গবেষণায় যুক্ত তিনি।

সাক্ষাৎকারে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন—জনসংখ্যাগত লভ্যাংশ অর্জন কোনো স্বাভাবিক বা স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়। এটি অনেকাংশে নির্ভর করে নির্দিষ্ট সময়সীমার ভেতর সরকার ও বেসরকারি খাত এতে কৌশলগত বিনিয়োগ করতে পারছে কি না, তার ওপর।

চীনের অভিজ্ঞতাকে তিনি তিনটি বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করেন—ধারাবাহিক শিক্ষা বিনিয়োগ, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে স্বাস্থ্যখাতে মোট ব্যয়ের স্থিতিশীল বৃদ্ধি এবং শ্রমবাজার সংস্কারের সঙ্গে বহির্বিশ্বের জন্য উন্মুক্তকরণের সমন্বয়।

অধ্যাপক মঈনুলের মতে, বাংলাদেশে বর্তমানে স্বাস্থ্যখাতে জনবলের ঘাটতি, শিক্ষক সংকট, লিঙ্গবৈষম্য এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানে অসমতার মতো বেশ কিছু সমস্যা রয়েছে, যেগুলোয় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

শিক্ষা ও ডিজিটাল স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতেও দীর্ঘদিন ধরে বাজেট বরাদ্দ কম। তার মতে, বাংলাদেশকে জনসংখ্যাগত লভ্যাংশ কাজে লাগানোর বিষয়টি জাতীয় কৌশলের সর্বোচ্চ পর্যায়ে নিতে হবে। সময়সীমা পেরিয়ে গেলে একই সুযোগ আবার পাওয়া কঠিন হবে।

অধ্যাপক মঈনুল জনসংখ্যাগত লভ্যাংশ নিয়ে যে যুক্তি তুলে ধরেছেন, তা বার্ধক্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রযোজ্য। বার্ধক্য পরিচর্যার সক্ষমতা গড়ে তোলার কাজটা চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ার পর শুরু করলে চলে না। তখন শ্রেণিকক্ষ থেকে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করে আনার সুযোগ থাকে না।

বার্ধক্য ব্যবস্থাপনায় চীনের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সমস্যা প্রকট হয়ে ওঠার আগেই এখানে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হয়। ২০১৬ সালে দেশটিতে দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। ২০২৬ সালে এসে এই ব্যবস্থার আওতায় বীমা সুরক্ষা পেয়েছেন ৩২ কোটিরও বেশি মানুষ।

এ উদ্যোগের যাত্রা শুরু প্রায় দশ বছর আগে। এখানেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এক রাতের মধ্যে সবার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা চালুর ঘোষণা না দিয়ে পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ধীরে ধীরে তহবিল সংগ্রহ, সেবাগ্রহীতার প্রয়োজনীয় মূল্যায়ন, সেবা সরবরাহ ও মান নিয়ন্ত্রণের পদ্ধতি উন্নত করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হয়েছে।

পরিচর্যা সুরক্ষা নিশ্চিত করতে একাধিক ধাপের সমন্বয় প্রয়োজন। পর্যায়ক্রমে এগোনো এবং পরীক্ষামূলক কার্যক্রম থেকে অভিজ্ঞতা অর্জন করাই চীনের বর্তমান অবস্থানে পৌঁছানোর অন্যতম ভিত্তি।

মানবসম্পদ গড়ে তোলাও আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ২০২৬ সালের সেপ্টেম্বরে শাংহাইয়ে ৪৮তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা বিভাগে চীনের একজন প্রতিযোগী স্বর্ণপদক জেতেন। এই প্রতিযোগিতায় শুধু শারীরিকভাবে পরিচর্যা করার দক্ষতা যাচাই করা হয় না। নার্সিং প্রযুক্তি, যোগাযোগের দক্ষতা এবং পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও মূল্যায়ন করা হয়। এসব দক্ষতার মানদণ্ড তৈরি হয়েছে বার্ধক্য পরিচর্যা কেন্দ্র ও হাসপাতালের সামনের সারির বাস্তব অভিজ্ঞতা থেকে।

অধ্যাপক মঈনুলের মতে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা শিল্পের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে পারে। তবে এর শর্ত হলো, শিক্ষাব্যবস্থাকে শিল্পের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নিজেদের মতো করে প্রশিক্ষণ দিয়ে গেলেই হবে না; বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজন বুঝতে হবে।

বাংলাদেশও এ ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছে। ২০২৬ সালের আগস্টে ‘চীন-বাংলাদেশ বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র’ প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুটো দেশ। একই সঙ্গে চালু করা হয় তিনটি প্ল্যাটফর্ম—বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, বৃত্তিমূলক শিক্ষা গবেষণা কেন্দ্র এবং ‘চীনা ভাষা + দক্ষতা উন্নয়ন’ কেন্দ্র।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় বাংলাদেশের শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষাকে অবশ্যই শিল্প ও কর্মসংস্থানের চাহিদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে হবে।’

এই বক্তব্য অধ্যাপক মঈনুলের তুলে ধরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে মিলে যায়। সেটি হলো, নীতির বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দক্ষতা। প্রশিক্ষণ শুধু একটি সনদ দেওয়ার মধ্য দিয়ে শেষ হতে পারে না। এর সঙ্গে ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠান এবং প্রকৃত কর্মসংস্থানের বাজারের সংযোগ থাকতে হবে।

বার্ধক্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বর্তমানে বার্ধক্যের মাত্রা চীনের মতো গভীর না হলেও এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে। ফলে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নেওয়ার সময়ও ক্রমেই কমে আসছে।

গত দশ বছরে চীন দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমার পরীক্ষামূলক কার্যক্রম, পরিচর্যাভিত্তিক শয্যার ব্যবস্থা এবং পরিচর্যাকারীদের প্রশিক্ষণের ক্ষেত্রে যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।

পরিচর্যার চাহিদা বড় ধরনের চাপে পরিণত হওয়ার আগেই তহবিল সংগ্রহের ব্যবস্থা, সেবার মান এবং জনশক্তি প্রশিক্ষণের কাঠামো গড়ে তোলা জরুরি। সমস্যা দেখা দেওয়ার পর সমাধান খোঁজার জন্য অপেক্ষা করলে চলবে না।

অধ্যাপক মঈনুল সাক্ষাৎকারে একটি শব্দের ওপর বিশেষ জোর দেন—কৌশলগত দৃঢ়তা। জনসংখ্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, জনসংখ্যার কাঠামোটি দেশের প্রাতিষ্ঠানিক প্রস্তুতির অপেক্ষা করে বদলায় না। অন্যদিকে, প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচনী চক্রের সীমা ছাড়িয়ে দীর্ঘমেয়াদি চিন্তা ও ধৈর্যও দরকার।

চীন ১৯৯০-এর দশক থেকে পরিকল্পিতভাবে বৃত্তিমূলক শিক্ষার বিকাশ শুরু করে। আজ বিশ্ব দক্ষতা প্রতিযোগিতার মঞ্চে সাফল্য পেতে দেশটিকে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করতে হয়েছে।

একইভাবে, দীর্ঘমেয়াদি পরিচর্যা বীমার কার্যক্রম ১৫টি পরীক্ষামূলক শহরে শুরু হয়ে আজ ৩২ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। এই বিস্তারের পেছনেও রয়েছে দশ বছরের অভিজ্ঞতা।

সময়ের এই ব্যবধান আমাদের একটি বিষয় স্পষ্ট করে—বার্ধক্য ব্যবস্থাপনা কিংবা জনসংখ্যাগত লভ্যাংশ কাজে লাগানো—কোনোটিরই শর্টকাট নেই। যত দ্রুত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা যাবে, সংশ্লিষ্ট খাতে বিনিয়োগে তত বেশি উৎসাহিত করা সম্ভব হবে।

একজন বাংলাদেশি শিক্ষাবিদ বেইজিংয়ের মঞ্চে চীনের অভিজ্ঞতা বিশ্লেষণ করেছেন। অন্যদিকে, একজন চীনা প্রতিযোগী বার্ধক্য পরিচর্যার প্রতিযোগিতায় রোগীর কাছ থেকে শুনেছেন, বার্ধক্য পরিচর্যা কেন্দ্রে থাকতেও ভয় নেই।

উন্নয়নের পথ নতুন করে সাজাচ্ছে বাংলাদেশ। এই সময়ে বার্ধক্য ব্যবস্থাপনার প্রস্তুতি কেবল একটি নির্দিষ্ট নীতিগত উদ্যোগের বিষয় নয়; বরং চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপ ও সহযোগিতার ক্ষেত্র হিসেবেও এটি গুরুত্ব পাওয়ার যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *