এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক - Mati News
Saturday, July 18

এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার পূর্ব চীনের শাংহাইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশগ্রহণ ও পাকিস্তান সরকারের পক্ষে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা (ডব্লিউএআইসিও) প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতে ইসহাক দার বেইজিংয়ে অবস্থান করছেন।

ওয়াং ই বলেন, ডব্লিউএআইসিও-তে পাকিস্তানের যোগদান দেশটি ও এর জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় সহায়ক হবে।

তিনি বলেন, দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন সমমনা দেশগুলোর সঙ্গে মিলে এ সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলা, বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং সক্ষমতা বৃদ্ধি করা। যেন সব দেশ, বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের সুফল সমানভাবে ভোগ করতে পারে।

জবাবে ইসহাক দার বলেন, ডব্লিউএআইসিও প্রতিষ্ঠা চীনের প্রস্তাবিত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি বলেন, এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য হতে পেরে পাকিস্তান গর্বিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন এগিয়ে নেবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *