ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধের সক্ষমতা নেই ইসরায়েলের: আইআরজিসি কর্মকর্তা - Mati News
Tuesday, August 18

ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধের সক্ষমতা নেই ইসরায়েলের: আইআরজিসি কর্মকর্তা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি দাবি করেছেন, ইসরায়েলের এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো সক্ষমতা নেই। তিনি অভিযোগ করেন, ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রক্সি হিসেবে কাজ করছে এবং তাদের সহায়তা ছাড়া এই সংঘাতে জড়ানো তাদের পক্ষে সম্ভব নয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জাভানি জানান, আইআরজিসির শীর্ষ কমান্ডারদের সাম্প্রতিক নিয়োগ ইরানের প্রতিরক্ষা নীতিতে এক আমূল রূপান্তরের ইঙ্গিত বহন করে। নতুন দায়িত্ব পাওয়া কমান্ডাররা ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। তিনি উল্লেখ করেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির দেওয়া নিয়োগ নির্দেশনায় বর্তমান পরিস্থিতির আলোকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।

উদাহরণ হিসেবে তিনি বাসিজের প্রধান পদে হোজ্জাতুল ইসলাম হোসেইন তায়েবের নিয়োগের কথা তুলে ধরেন। এই নিয়োগের মাধ্যমে গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করা এবং ‘প্রতিটি ইরানি নাগরিকই একজন বাসিজ’—এই ধারণাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া মেজর জেনারেল আহমাদ ওয়াহিদির নেতৃত্বে আইআরজিসিকে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে প্রতিরক্ষামূলক পদক্ষেপ যেকোনো সময় আক্রমণাত্মক রূপ নিতে সক্ষম।

শত্রুপক্ষকে সতর্ক করে জাভানি বলেন, ইরান কখনোই যুদ্ধ শুরু করে না। তবে শত্রুদের জানা উচিত, তারা ইরানকে অপ্রস্তুত অবস্থায় ফেলে কোনো চমক সৃষ্টি করতে পারবে না। বরং শত্রুপক্ষকেই বড় ধরনের কৌশলগত বিস্ময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, অতীতে শত্রুদের ভুল হিসাব-নিকাশ যেমন ব্যর্থ হয়েছে, তেমনি একক শক্তিতে ইরানের মোকাবিলা করার ক্ষমতা যায়নবাদী ইসরায়েলের নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *