কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান - Mati News
Monday, August 17

কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান

কাতারে আটক থাকা তিন ইরানি পাইলটের বর্তমান অবস্থা ও তাদের ভাগ্য সম্পর্কে জানতে তেহরান সেখানে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে চায়। এই প্রতিনিধি দলকে কাতারে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য দোহা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ইরান। তবে কাতার শুরু থেকেই কোনো ইরানি পাইলটকে আটক করার বিষয়টি অস্বীকার করে আসছে।

কাতারের ভাষ্যমতে, গত মার্চ মাসে ইরানের কয়েকটি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল। সেই সময় পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে একটি বিমান বিধ্বস্ত হলে উদ্ধারকারী দল সেখানে একজন পাইলটের মরদেহ খুঁজে পায়। কাতার দাবি করেছে, ওই পাইলটের মরদেহ হস্তান্তর এবং উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য যাচাইয়ের জন্য তারা তেহরানকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু ইরান তখন কোনো সাড়া দেয়নি।

ইরানের বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ কাতারের বিরুদ্ধে পাইলটদের ফেরত দেওয়ার ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন। তিনি জানান, ইরানি বিমানবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাতারে প্রবেশের অপেক্ষায় দীর্ঘ সময় পার করছে। এই সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নিতে তিনি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া বাঘেরজাদেহ দাবি করেছেন যে, কুয়েতও তাদের চার নাগরিকের বর্তমান অবস্থা সম্পর্কিত তথ্য গোপন করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *