স্মার্ট কৃষিতে অভিন্ন ভবিষ্যৎ গড়তে চায় চীন-বাংলাদেশ - Mati News
Wednesday, October 28

স্মার্ট কৃষিতে অভিন্ন ভবিষ্যৎ গড়তে চায় চীন-বাংলাদেশ

আফরিন মিম

আধুনিক কৃষি, কৃষিপ্রযুক্তি, বীজ উন্নয়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে চীন-বাংলাদেশের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক কাউন্সেলর সং ইয়াং। শনিবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত দু’দেশের আধুনিক কৃষি শিল্প সহযোগিতা বিষয়ক ব্যবসায়িক সংযোগ সেমিনারে তিনি এ আহবান জানান।

‘স্মার্ট কৃষি, ভাগাভাগির ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে কৃষিযন্ত্র, বীজ উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক কৃষিপ্রযুক্তি নিয়ে বাংলাদেশ-চীনা ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়।

এ সময় সং ইয়াং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে ৫১ বছরের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পৌঁছেছে নতুন উচ্চতায়। দু’দেশের নেতাদের দিকনির্দেশনায় পারস্পরিক বোঝাপড়া, উন্নয়ন ও লাভজনক সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, উভয় দেশের জাতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় চীনের উদ্যোগে কৃষি খাতে সহযোগিতার পরিসর আরও বেড়েছে। কৃষি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত কৃষিপদ্ধতি ব্যবহারের মাধ্যমে এ খাতে বাস্তব অগ্রগতি অর্জন সম্ভব।

বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের কথা তুলে ধরে সং ইয়াং বলেন, চীনা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশেও চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ সার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। পাশাপাশি হাইব্রিড ধানসহ উন্নত কৃষিপ্রযুক্তি বাংলাদেশের কৃষকদের নতুন সম্ভাবনা জাগিয়েছে।

কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হাইব্রিড ধান, কৃষি উৎপাদন এবং খাদ্যসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জন্য একাধিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে চীন। এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রযুক্তি বিনিময় ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেয়া চীনা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সং ইয়াং বলেন, এমন আয়োজন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের বাজার, স্থানীয় চাহিদা ও নীতিমালা সম্পর্কে আরও ভালোভাবে জানতে সহায়তা করবে।

চীন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আধুনিক কৃষি খাতে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগ উভয় দেশের মানুষের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এবং অভিন্ন উন্নয়নের আরও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উন্নয়ন ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ ও চীনের সরকারি কর্মকর্তা, বাণিজ্য সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *