এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সদস্য দেশগুলোর মধ্যে ডিজিটাল বাণিজ্য এবং সবুজ ও পরিবেশবান্ধব অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে চীন। সোমবার দক্ষিণ চীনের শেনচেন শহরে এপেক লিডারস মিটিং সপ্তাহের প্রেস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি ও বাণিজ্য উপমন্ত্রী লি চেংকাং এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লি চেংকাং বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল বাণিজ্যের নিয়মনীতির একটি সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো তৈরির লক্ষ্যে বাণিজ্য ডিজিটালাইজেশন বিষয়ক একটি সহযোগিতা কাঠামোর খসড়া প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন। এই উদ্যোগটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের ব্যাপক সমর্থন পেয়েছে এবং বর্তমানে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে।
আঞ্চলিক ডিজিটাল সংযোগের অগ্রগতি তুলে ধরে চীনা বাণিজ্য উপমন্ত্রী জানান, চীনের নেতৃত্বাধীন ‘এশিয়া-প্যাসিফিক মডেল ই-পোর্ট নেটওয়ার্ক’ চলতি বছর আরও সম্প্রসারিত হয়েছে। থাইল্যান্ডের ন্যাশনাল টেলিকম এই নেটওয়ার্কে যুক্ত হওয়ায় বর্তমানে ১৩টি অর্থনীতির মোট ২৬টি বন্দর বা ই-পোর্ট এর অন্তর্ভুক্ত হয়েছে, যা পুরো অঞ্চলে তথ্য ও ডেটা সংযোগ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখছে।
ডিজিটাল বাণিজ্যের পাশাপাশি পরিবেশবান্ধব ও নিম্ন-কার্বন উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন লি। তিনি বলেন, সবুজ রূপান্তরের লক্ষ্যে এপেক সদস্য দেশগুলো চলতি বছর কঠোর পরিশ্রম করেছে। ফলে নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন খাতে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।
সবুজ সহযোগিতায় চীনকে একজন পথপ্রদর্শক ও নেতৃত্বদানকারী হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, গত মে মাসে বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে সবুজ সরবরাহ শৃঙ্খল এবং টেকসই সবুজ খনিজ সরবরাহ শৃঙ্খল নিয়ে সেমিনারের আয়োজন করেছিল চীন। এর মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে টেকসই উন্নয়নের পথ অন্বেষণ এবং সবুজ সহযোগিতার ক্ষেত্রে ঐকমত্য গঠনের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের কুয়াংতং প্রদেশের শেনচেন শহরে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘যৌথ সমৃদ্ধির পথে একটি এশিয়া-প্যাসিফিক কমিউনিটি গড়ে তোলা’। সম্মেলনে চীনের নির্ধারিত তিনটি ক্ষেত্র— উন্মুক্ততা, উদ্ভাবন এবং সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সিএমজি




















