বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল ‘নি হাও! চায়না’শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২৫তম আসর। প্রতিযোগিতায় শিশুদের আঁকা রঙের ক্যানভাসে ফুটে উঠে বাংলাদেশ ও চীনের ঐতিহ্য এবং বন্ধুত্বের ছবি। এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে রাজধানীর পল্টনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, ‘এই আয়োজনের মধ্য দিয়ে শিশুদের অন্তর্নিহিত ভাবনা ও সৃজনশীলতার প্রকাশ ঘটবে। আর এভাবেই শিশুরা তাদের নিজস্ব দৃষ্টিতে বাংলাদেশকে চিনবে ও বিশ্ব দরবারে তুলে ধরবে।’
শুধু পুরস্কার পাওয়া নয় বরং অংশগ্রহণের মধ্য দিয়ে শিশুরা যে জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতা অর্জন করবে, তার মাধ্যমে তাদের শিল্পীসত্তার বিকাশ ঘটবে।
বর্তমানে সামাজিক মাধ্যম ও মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শিশুরা অনেকটাই আটকে পড়ছে। তাদের সেই আসক্তি থেকে দূরে রেখে সৃজনশীল কাজে যুক্ত করা এবং আবার খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যও এই আয়োজনের সঙ্গে জড়িত।
বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে এবং ঢাকাস্থ চীনা দূতাবাস ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ চীনের কালচারাল কাউন্সেলর লি শাওফেং। তিনি বলেন-এই আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে শিল্পচর্চার পাশাপাশি বাংলাদেশ ও চীনের সংস্কৃতি, ঐতিহ্য এবং বন্ধুত্ব সম্পর্কে আগ্রহ আরও বাড়বে।
তিনি আরও বলেন, বছরের পর বছর বাংলাদেশের তরুণ শিল্পীরা তুলি ও রঙের মাধ্যমে চীনকে নিয়ে তাদের ভাবনা ও কল্পনা তুলে ধরছেন।
২০২৬ সালে উদযাপিত হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী। ‘নি হাও! চায়না’-র রজতজয়ন্তী আসরে ৪টি গ্রুপে আঁকা বাংলাদেশ-চীন বন্ধুত্বের ছবি নিয়ে প্রতিযোগিতায় পুরস্কার দেয়া হবে ১৫ অক্টোবর।
সূত্র: সিএমজি




















