জাপানে চীনা দূতাবাসে অনধিকার প্রবেশকারীকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়ার আহ্বান চীনের - Mati News
Wednesday, November 11

জাপানে চীনা দূতাবাসে অনধিকার প্রবেশকারীকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়ার আহ্বান চীনের

অক্টোবর ১১: অপরাধীকে দায়মুক্তি না দিয়ে আইন অনুযায়ী কঠোর শাস্তি দিতে জাপানের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে চীন। গতকাল (মঙ্গলবার) জাপানে অবস্থিত চীনা দূতাবাসে কোইচি মুরাতার অবৈধভাবে সশস্ত্র অবস্থায় প্রবেশের মামলার দ্বিতীয় শুনানি প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এ কথা বলেন।

এদিন টোকিও জেলা আদালতে জাপানে অবস্থিত চীনা দূতাবাসে অনধিকার প্রবেশের মামলার দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়। মামলার আসামি জাপানের আত্মরক্ষা বাহিনীর কর্মরত সদস্য কোইচি মুরাতা। শুনানিতে জাপানের রাষ্ট্রপক্ষ তার ১৮ মাসের কারাদণ্ডের সুপারিশ করে। অন্যদিকে, আসামিপক্ষ জরিমানা আরোপের আবেদন জানায়।

চীনা দূতাবাসের মুখপাত্র সেদিন বলেন, জাপানের আত্মরক্ষা বাহিনীর একজন কর্মরত সদস্যের হাতে ছুরি নিয়ে চীনা দূতাবাসে অনধিকার প্রবেশ এবং সন্ত্রাসী হুমকি দেওয়ার ঘটনা চীনের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি চীনা কূটনৈতিক কর্মী এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ঘটনা কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনেরও গুরুতর লঙ্ঘন।

মুখপাত্র আরও বলেন, এ ঘটনা জাপানে উগ্র ডানপন্থী শক্তির ব্যাপক বিস্তার এবং দেশটির আত্মরক্ষা বাহিনীর সদস্যদের তদারকি ও প্রশিক্ষণে বিদ্যমান ঘাটতির গুরুতর সমস্যাগুলোও সামনে নিয়ে এসেছে।

মুখপাত্র পুনর্ব্যক্ত করেন, এ ঘটনা সুস্পষ্ট, প্রমাণ অকাট্য এবং তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। চীন আবারও জাপানকে আহ্বান জানাচ্ছে, অপরাধীকে দায়মুক্তি না দিয়ে আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে তা সংশোধন করতে হবে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহিও নিশ্চিত করতে হবে বলে জানান মুখপাত্র।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *