রাবিতে চীনা ভাষা শিক্ষায় ১০ শিক্ষার্থীকে বৃত্তি, শিক্ষা উপকরণ প্রদান - Mati News
Saturday, November 21

রাবিতে চীনা ভাষা শিক্ষায় ১০ শিক্ষার্থীকে বৃত্তি, শিক্ষা উপকরণ প্রদান

ঢাকা, অক্টোবর ৩০, সিএমজি বাংলা: চীনা ভাষা শিক্ষায় আগ্রহ বাড়ানো এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রচার কার্যক্রম, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে রাবির কনফুসিয়াস ইনস্টিটিউট আয়োজিত এ অনুষ্ঠানে চীনা ভাষার উচ্চতর কোর্সে পড়াশোনার জন্য ১০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি রাবি স্কুলকে বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল সামগ্রীসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক সহযোগী অধ্যাপক চাং সি, বাংলাদেশি পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ওয়েং ইউয়ানছিন।

ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চীনা ভাষা শিক্ষা কোর্সের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা ১০ শিক্ষার্থীকে উচ্চতর কোর্সে পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হয়। উপাচার্য ও দুই উপ-উপাচার্য শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন। অন্যদিকে, রাবি স্কুলের অধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম স্কুলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, জ্ঞান-বিজ্ঞান, শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে চীন বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ চীনের সঙ্গে সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগাতে চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানা জরুরি। এ ক্ষেত্রে কনফুসিয়াস ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে চীনের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের কাছ থেকে পাওয়া সহযোগিতার সুযোগ কাজে লাগিয়ে ভাষা শিক্ষা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এ সুযোগ কাজে লাগাতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বলেন, আন্তর্জাতিক পরিসরে শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিদেশি ভাষায় দক্ষতা গুরুত্বপূর্ণ। চীনা ভাষা শিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, যৌথ গবেষণা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণেও কনফুসিয়াস ইনস্টিটিউট ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে চীনা ক্যালিগ্রাফি, ঐতিহ্যবাহী চা পরিবেশনের শিল্পকলা, হস্তশিল্প এবং পিকিং অপেরার মুখসজ্জাসহ চীনের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনফুসিয়াস ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুল মতিন তালুকদার।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *