ইয়াং ওয়েইমিং স্বর্ণা

২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত চীনের কেন্দ্রীয় পর্যায়ের সর্বাত্মক আইনের শাসনবিষয়ক কর্মসম্মেলনে প্রথমবারের মতো সি চিন পিংয়ের আইনের শাসনবিষয়ক চিন্তাধারা তুলে ধরা হয়। এই চিন্তাধারার মূল বিষয়বস্তু ‘এগারোটি অটলতা’ মধ্যে কেন্দ্রীভূত।
ছয় বছর পেরিয়ে গেছে। এই চিন্তাধারার অন্তর্নিহিত যুক্তি ও বাস্তব প্রয়োগের ধারা পর্যালোচনা করলে একটি বিষয় বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে—পরিবর্তনের যুগে একটি বৃহৎ দেশ কীভাবে আইনের শাসনের মাধ্যমে একদিকে স্থিতিশীলতা বজায় রাখবে, অন্যদিকে অগ্রগতিও নিশ্চিত করবে, সেই প্রশ্নের উত্তর দিতে চায় এই চিন্তাধারা।
‘এগারোটি অটলতা’ পরস্পর সংযুক্ত একটি পূর্ণাঙ্গ কাঠামো গঠন করেছে। সর্বাত্মকভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় পার্টির নেতৃত্ব বজায় রাখা, জনকেন্দ্রিক অবস্থান ধরে রাখা এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক আইনের শাসনের পথ অনুসরণে অটল থাকার বিষয়গুলো মূলত দিকনির্দেশনা ও অবস্থানগত প্রশ্নের সমাধান করে।
সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা ও ক্ষমতা প্রয়োগ এবং আইনের শাসনের পথে রাষ্ট্রীয় শাসনব্যবস্থা ও শাসনক্ষমতার আধুনিকায়ন এগিয়ে নেওয়ার বিষয়গুলো রাষ্ট্র পরিচালনায় আইনের শাসনের ভূমিকা ও কার্যকারিতা নির্ধারণ করে।
অন্যদিকে, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক আইনি ব্যবস্থা গড়ে তোলা, আইন অনুযায়ী দেশ পরিচালনা, ক্ষমতা প্রয়োগ ও প্রশাসন পরিচালনার সমন্বিত অগ্রগতি নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসনকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়গুলো বাস্তবায়নের পথ ও সামগ্রিক বিন্যাস তুলে ধরে।
এর মধ্যে সবচেয়ে গভীরভাবে ভাবার বিষয় হলো ‘জনকেন্দ্রিক অবস্থান বজায় রাখা’ এবং ‘আইনের শাসনের পথে রাষ্ট্রীয় শাসনের আধুনিকায়ন এগিয়ে নেওয়া’র মধ্যকার সম্পর্ক।
আইনের শাসন শাসনব্যবস্থার ঊর্ধ্বে থাকা কোনো বিমূর্ত নীতি নয়, আবার নিছক প্রশাসনিক ব্যবস্থাও নয়। বরং এর উদ্দেশ্য হলো জনগণের অধিকার ও দাবিকে এমন প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় রূপ দেওয়া, যা পূর্বানুমানযোগ্য, কার্যকর করা সম্ভব এবং অধিকার লঙ্ঘিত হলে প্রতিকার পাওয়ার সুযোগ নিশ্চিত করে।
এই ধারণার প্রতিফলন চীনের আইনের শাসনের ঐতিহ্যেও আগে থেকেই রয়েছে। খ্রিস্টপূর্ব ৫৩৬ সালে, চেং রাজ্যের জিচান ব্রোঞ্জের পাত্রে আইন খোদাই করে জনসমক্ষে প্রকাশ করেন। এর মাধ্যমে আইনকে অভিজাতদের একচেটিয়া গোপনীয়তার বাইরে এনে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয়, কোন কাজ করা যাবে আর কোনটি এড়িয়ে চলতে হবে।
অন্যদিকে, শাং ইয়াংয়ের কাঠের খণ্ড সরানোর ঐতিহাসিক ঘটনা আমাদের দেখিয়েছে মানুষের বিশ্বাস অর্জনের মাধ্যমেই আইনকে বিশ্বাসযোগ্য করা হয়। শিক্ষাটা হলো—আইনের শাসনের প্রথম শর্ত হলো নিয়মকে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য করে তোলা।
সি চিন পিংয়ের আইনের শাসনবিষয়ক চিন্তাধারায় ‘সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা ও সংবিধান অনুযায়ী ক্ষমতা প্রয়োগে অটল থাকা’ এবং ‘বৈজ্ঞানিক আইন প্রণয়ন, কঠোর আইন প্রয়োগ, ন্যায়বিচার নিশ্চিত করা ও সর্বজনীনভাবে আইন মেনে চলার পরিবেশ গড়ে তোলায় অটল থাকা’—এই নীতিগুলোর মাধ্যমে নতুন ঐতিহাসিক পরিস্থিতিতে ‘দৃশ্যমানতা’ ও ‘বিশ্বাসযোগ্যতা’কে রাষ্ট্র পরিচালনার সামগ্রিক পর্যায়ে উন্নীত করা হয়েছে।
ছয় বছর ধরে এই চিন্তাধারা বাস্তবায়নের ফলাফল কয়েকটি দিক থেকে পর্যবেক্ষণ করা যায়। জনজীবনের ক্ষেত্রে, ২০২৫ সালে চীনের আদালত ৪৭ লাখ ৮২ হাজার মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেয়। এর মধ্যে ৩১ লাখ ২৮ হাজার মামলা সফলভাবে মীমাংসিত হয়।
‘সমস্যা বড় হওয়ার আগেই সমাধান করা এবং আগেভাগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া’—বিচারিক কার্যক্রমের এই ধারণা বিচারব্যবস্থার প্রচলিত কার্যপদ্ধতিতে পরিবর্তন আনছে।
শিশু-কিশোরদের সুরক্ষার ক্ষেত্রেও অগ্রগতি দেখা গেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত শিশু-কিশোরদের অপরাধসংক্রান্ত অভিযোগ তদন্ত ও বিচারের জন্য গ্রহণের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কয়েক বছর ধরে বৃদ্ধির পর এই প্রথম এ সংখ্যা কমল।
বিদেশি উন্মুক্ততার ক্ষেত্রে, ২০২৫ সালে গ্রহণ করা বিদেশি-সংশ্লিষ্ট সালিশি মামলার সংখ্যা ২০২০ সালের তুলনায় ১৩০ শতাংশ বেড়েছে। বিদেশি আইনজীবীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। এর মাধ্যমে আইনের শাসন চীনের উচ্চপর্যায়ের উন্মুক্ততার জন্য একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি হয়ে উঠছে।
নিরাপত্তার ক্ষেত্রেও আইনের শাসনের ভূমিকা স্পষ্ট। মিয়ানমারের উত্তরাঞ্চলের কোকাংয়ে ‘চার বৃহৎ পরিবার’ নামে পরিচিত অপরাধী গোষ্ঠীগুলোকে আইনের আওতায় কঠোর শাস্তি দেওয়া হয়েছে। সীমান্তপারের টেলিযোগাযোগ ও ইন্টারনেটভিত্তিক প্রতারণার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আইনের শাসনের প্রতিরোধমূলক ও দমনমূলক ভূমিকা সীমান্ত ছাড়িয়ে বিস্তৃত হয়েছে।
এসব তথ্যের পেছনে একটি অভিন্ন যুক্তি রয়েছে। আইনের শাসন এখন আর শুধু ‘ঘটনার পর শাস্তি দেওয়ার’ মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এটি প্রতিরোধ, রাষ্ট্র পরিচালনা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে।
আন্তর্জাতিক পরিসরে, সি চিন পিংয়ের আইনের শাসনবিষয়ক চিন্তাধারা উন্নয়নশীল দেশগুলোর জন্য ‘রাষ্ট্র পরিচালনা ও আইনের শাসনকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার’ একটি দৃষ্টান্ত তুলে ধরতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে বিচারিক ক্ষেত্রে চীন ও বাংলাদেশের পারস্পরিক যোগাযোগ আরও সুনির্দিষ্ট হয়েছে। দক্ষিণ এশীয় দেশগুলোর বিচারকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের বিচারকরাও অংশ নিয়েছেন। বাংলাদেশি প্রতিনিধিরা অকপটে বলেছেন, ‘বাংলাদেশ-চীন সহযোগিতা শুধু বাণিজ্য ও অবকাঠামো খাতে সীমাবদ্ধ নয়; ন্যায়বিচার ও সুশাসনের ক্ষেত্রেও দুই দেশের অভিন্ন লক্ষ্য রয়েছে।’
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারব্যবস্থার সংস্কার, জনশক্তি প্রশিক্ষণসহ বিভিন্ন বাস্তবভিত্তিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছেন। এ ছাড়া, চীনের কুয়াংসি প্রদেশের নাননিং আন্তর্জাতিক বাণিজ্যিক আদালত ‘বিচারক + হংকং মধ্যস্থতাকারী + বাণিজ্য নীতি বিশেষজ্ঞ’ মডেলে বাংলাদেশ-সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক বিরোধ সফলভাবে নিষ্পত্তি করেছে। এটি দেখায়, আইনের শাসনবিষয়ক সহযোগিতা ইতিমধ্যে নির্দিষ্ট মামলার নিষ্পত্তিতেও বাস্তব রূপ পেয়েছে।
এই বিনিময় সম্ভব হওয়ার অন্যতম পূর্বশর্ত হলো, আইনের শাসন প্রতিষ্ঠায় চীনের নিজস্ব কার্যক্রম থেকে পর্যবেক্ষণযোগ্য ও আলোচনাযোগ্য বাস্তব অভিজ্ঞতা। আইনের শাসন নিয়ে বিভিন্ন সভ্যতার পারস্পরিক শিক্ষা কখনোই শুধু বিমূর্ত ধারণা বিনিময়ের বিষয় নয়। বরং নিজস্ব শাসনব্যবস্থার কার্যকারিতার মাধ্যমে সংলাপের উপযোগিতা অর্জন করাই এর মূল ভিত্তি।
ছয় বছর খুব দীর্ঘ সময় নয়। তবে কোনো চিন্তাধারার বাস্তব প্রয়োগের শক্তি রয়েছে কি না, তা যাচাই করার জন্য সময়টি যথেষ্ট। সি চিন পিংয়ের আইনের শাসনবিষয়ক চিন্তাধারা যে উত্তর দেয়, তা হলো—আইনের শাসনকে শুধু ‘আরও আইন প্রণয়ন’ বা ‘আরও আদালত প্রতিষ্ঠা’র মধ্যে সীমাবদ্ধ রাখা নয়; বরং রাষ্ট্র পরিচালনার গভীর কাঠামোর সঙ্গে একে যুক্ত করা। এর অর্থ, জনগণের অধিকারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ক্ষমতা প্রয়োগকে নিয়মের আওতায় আনা এবং উন্নয়নের ধারাবাহিকতা ও পূর্বানুমানযোগ্যতা আইনের শাসনের মাধ্যমে নিশ্চিত করা।
জিচান ব্রোঞ্জের পাত্রে আইন খোদাই করে জনসমক্ষে প্রকাশ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল, ‘জনগণ জানবে, আইন রয়েছে।’ শাং ইয়াংয়ের কাঠের টুকরো সরানোর গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়, ‘আইন জনগণকে প্রতারিত করে না।’
আজ চীনে আইনের শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা সেই প্রাচীন অথচ চিরনতুন ধারণারই ধারাবাহিকতা রক্ষা করছে। তা হলো—আইনের শাসনের কর্তৃত্ব গড়ে ওঠে নিয়মের প্রতি জনগণের আস্থা থেকে। আইনের শাসনকে সমগ্র সমাজের বিশ্বাসে পরিণত করার লক্ষ্য অর্জনে সেই পথচলা অব্যাহত রয়েছে আজও।
লেখক: সাংবাদিক, সিএমজি বাংলা, বেইজিং।

















