চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (মঙ্গলবার) প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে, চলতি বছরের আগস্টে দেশটির উৎপাদন ও সরবরাহ স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থান ও মূল্যস্তর সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল এবং বৈদেশিক বাণিজ্যে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। একই সঙ্গে নতুন প্রবৃদ্ধির শক্তির ভূমিকা আরও জোরদার হয়েছে। সামগ্রিকভাবে চীনের জাতীয় অর্থনীতি স্থিতিশীলভাবে পরিচালিত হওয়ার পাশাপাশি আরও উদ্ভাবনী ও উচ্চমানের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।
আগস্টে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি বেড়েছে এবং সেবা খাতও স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে। জাতীয় পর্যায়ে নির্ধারিত আকারের ঊর্ধ্বে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর শিল্প উৎপাদন মূল্য সংযোজন আগের বছরের একই সময়ের তুলনায় ৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা জুলাইয়ের তুলনায় ০.৭ শতাংশ পয়েন্ট বেশি। একই সময়ে জাতীয় সেবা উৎপাদন সূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৪.১ শতাংশ বেড়েছে।
বাজারে বিক্রির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। মেধাস্বত্ব-সম্পর্কিত পণ্যে বিনিয়োগ দ্রুত বেড়েছে এবং পণ্য আমদানি-রপ্তানিতে দ্রুত প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
কর্মসংস্থানের পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল এবং ভোক্তা মূল্যও মাঝারি হারে বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই বলেন, পরবর্তী পর্যায়ে সামষ্টিক অর্থনৈতিক নীতির সমন্বয় আরও জোরদার করতে হবে, অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে এবং শিল্পের উন্নয়ন ও রূপান্তর এগিয়ে নিতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়ানো এবং সামাজিক প্রাণশক্তি জাগিয়ে তুলে অর্থনীতিকে ধারাবাহিকভাবে আরও উদ্ভাবনী, উচ্চমানের ও সুস্থ উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।
সূত্র: সিএমজি




















