আর্কটিক সার্কেল অ্যাসেম্বলিতে পরিবেশ রক্ষা ও যৌথ গবেষণার আহ্বান চীনের - Mati News
Sunday, October 11

আর্কটিক সার্কেল অ্যাসেম্বলিতে পরিবেশ রক্ষা ও যৌথ গবেষণার আহ্বান চীনের

আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে অনুষ্ঠিত ২০২৬ সালের ‘আর্কটিক সার্কেল অ্যাসেম্বলি’-তে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়েছে চীন। দেশটির সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী ফু ইয়িং বলেন, উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে তথাকথিত বা কাল্পনিক নিরাপত্তা হুমকির চেয়ে প্রকৃত চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন।

বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে ৭০টিরও বেশি দেশের আড়াই হাজারের বেশি প্রতিনিধি এতে অংশ নেন। ‘হাউ টু আন্ডারস্ট্যান্ড চায়না’ শীর্ষক একটি অধিবেশন চলাকালীন আইসল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও আর্কটিক সার্কেলের চেয়ারম্যান ওলাফুর রাগনার গ্রিমসনের সঙ্গে আলোচনায় ফু ইয়িং চীনের নীতি তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা ও কাল্পনিক নিরাপত্তার ভয়ে মূল্যবান সময় এবং সম্পদ অপচয় হচ্ছে। অথচ বাস্তবে আর্কটিকের বরফ গলা, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের অবনতিই এখন সবচেয়ে বড় সংকট। এসব মোকাবিলায় রাষ্ট্রগুলোর উচিত যৌথভাবে গবেষণা ও সম্পদ কাজে লাগানো।

ফু ইয়িং আরও জানান, চীন শান্তিপূর্ণ উন্নয়নে বিশ্বাসী এবং বিশ্বে একক আধিপত্য কায়েমের ইচ্ছা তাদের নেই। ন্যায়সংগত বিশ্বশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সবুজ শক্তি ও পরিবেশ রক্ষায় চীন বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *