চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুদ্রা ও আর্থিকখাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে উভয়পক্ষ। সোমবার বেইজিংয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও আর্থিক খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফন কোংশেং।
বৈঠকে চীন ও ইউরোজোনের অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি, মুদ্রানীতি, বিনিময় হার এবং জি-টুয়েন্টি কাঠামোর আওতায় চীন-ইইউ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ফন বলেন, দুই পক্ষের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীনের কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, উন্মুক্ততা ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, মতপার্থক্য থাকলে তা সংলাপ ও আলোচনার মাধ্যমে যথাযথভাবে সমাধান করতে হবে। পাশাপাশি বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়িয়ে চীন-ইইউ সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে হবে।
ইউরোপীয় কর্মকর্তারাও বলেন, বর্তমান অনিশ্চয়তাপূর্ণ বিশ্ব পরিস্থিতিতে চীন ও ইইউর সামষ্টিক অর্থনৈতিক নীতিনির্ধারকদের মধ্যে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতিগত যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেন তারা।
সিএমজি
















