আফরিন মিম
উজবেকিস্তানে বাড়ছে চীনা ভাষা জানা দক্ষ জনবলের চাহিদা। দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারিত হওয়ায় চীনা ভাষা শেখার আগ্রহও বাড়ছে দেশটির তরুণদের মধ্যে। এই আগ্রহকে আরও এগিয়ে নিতে উজবেকিস্তানের জিজাখ স্টেট পেডাগজিক্যাল ইউনিভার্সিটিতে চালু হয়েছে চীনা ভাষা ও সংস্কৃতি কেন্দ্র।

নতুন এই কেন্দ্র শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার পাশাপাশি দেশটির সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ দেবে।
কেন্দ্রটি যৌথভাবে প্রতিষ্ঠা করেছে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি, বেইজিং ফাইন্যান্সিয়াল স্ট্রিট এডুকেশন ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং জিজাখ স্টেট পেডাগজিক্যাল ইউনিভার্সিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে জিজাখ অঞ্চলের উপ-গভর্নর জাফর আজিমভ বলেন, চীনের সঙ্গে উজবেকিস্তানের অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক ক্রমেই বাড়ছে। জিজাখে ইতোমধ্যে চীনা বিনিয়োগে বেশ কয়েকটি কারখানা ও প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। ফলে চীনা ভাষায় দক্ষ পেশাজীবীদের প্রয়োজনও দিন দিন বাড়ছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে এরই মধ্যে ৫০ জন শিক্ষার্থী চীনা ভাষার কোর্সে ভর্তি হয়েছেন। তাদের ভাষা শেখাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ শিক্ষকও কাজ করছেন।
শুধু ভাষা শেখানোতেই সীমাবদ্ধ থাকছে না উদ্যোগটি। চীনের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগও তৈরি করছে নতুন এই কেন্দ্র।
ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টিতে চীনা ভাষা দক্ষতা পরীক্ষা কেন্দ্র চালুর বিষয়েও দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ডে চীনা ভাষার দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবেন।
কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে চীন থেকে আসা একটি প্রতিনিধি দলও অংশ নেয়।
সূত্র: সিএমজি

















