চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার ৭০তম বার্ষকী উপলক্ষে, সম্প্রতি একটি অভিনন্দনবার্তা পাঠান, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।
বার্তায় তিনি বলেন, ৭০ বছরে ইনস্টিটিউট এমন বিপুলসংখ্যক নির্দলীয় প্রতিনিধি তৈরি করেছে, যারা চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাথে একই আদর্শ ও আকাঙ্ক্ষা পোষণ করেন এবং নিজেদের সংগ্রামে ঐক্যবদ্ধ। এটি দেশপ্রেমিক ঐক্যবদ্ধ ফ্রন্টকে সুসংহত ও বিকশিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
সি বলেন, আশা করা যায়, সবাই সঠিক দিকনির্দেশনা দৃঢ়ভাবে ধারণ করবেন; ক্রমাগত রাজনৈতিক প্রশিক্ষণ জোরদার করবেন; ব্যাপকভাবে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলবেন; এবং শিক্ষাদান, গবেষণা ও পরিচালনার মান নিরন্তর উন্নত করবেন। ঐক্যবদ্ধ ফ্রন্টের মধ্যে প্রতিভা বিকাশ, তাত্ত্বিক গবেষণা এবং নীতি ও নির্দেশিকা প্রচারের মতো ক্ষেত্রগুলিতেও ভূমিকা পালন করতে হবে, যাতে সিপিসি ও দেশের সার্বিক কাজকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া যায়।
আজ (মঙ্গলবার), কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর অনুষ্ঠানে, সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হু নিং, সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা পড়ে শোনান।
এসময় ওয়াং আরও বলেন, আমাদেরকে সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা থেকে শিখতে হবে। নতুন যাত্রাপথে, একাডেমিকে অবশ্যই ‘নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র’-বিষয়ক সি চিন পিং চিন্তাধারার নির্দেশনা মেনে চলতে হবে; রাজনৈতিক প্রশিক্ষণ ক্রমাগত জোরদার করতে এবং ব্যাপক রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে হবে। সূত্র: সিএমজি


















