চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের শহরাঞ্চলে ১ কোটি ৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান - Mati News
Tuesday, October 13

চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের শহরাঞ্চলে ১ কোটি ৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনের শহরাঞ্চলে ১ কোটি ৫ লাখ ২০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আজ (শনিবার) সকালে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য। সম্মেলনে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি চোং জানান, এ সংখ্যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭ শতাংশ।

এদিকে, বছরের প্রথম আট মাসে শহরাঞ্চলে জরিপভিত্তিক গড় বেকারত্বের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। সামগ্রিকভাবে কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয় এ সময়।

সম্মেলনে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এতে আরও বলা হয়, পরবর্তী পর্যায়ে চীন বিশ্ববিদ্যালয়ের স্নাতকসহ তরুণদের কর্মসংস্থানে সহায়তা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবে। পাশাপাশি নমনীয় কর্মসংস্থানে যুক্ত ব্যক্তি এবং নতুন ধরনের কর্মসংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের কর্মসংস্থানের মানোন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের প্রেক্ষাপটে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। উচ্চমানের ও পূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে ‘কর্মসংস্থানকে অগ্রাধিকার’ কৌশল বাস্তবায়ন করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *