‘চায়না ট্রাভেল’ ও ‘চায়নাম্যাক্সিং’-এর পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ‘চায়না হল’। চীনে কেনাকাটা করে সেগুলোর আনবক্সিং ভিডিও নির্মাণের এ প্রবণতা নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এ বিষয়ে বলেন, চীনা পণ্যের আনবক্সিং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এ ছাড়া লন্ডন ও প্যারিসের মতো শহরে চীনা ব্র্যান্ডের অস্থায়ী বিপণিকেন্দ্রের বাইরেও ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে মাও নিং বলেন, আরও বেশি বিদেশি বন্ধু চীনকে ভ্রমণের উপযোগী ভাবছেন, চীনা জীবনযাত্রাকে কাছ থেকে অনুভব করার মতো বলে মনে করছেন—এতে তিনি আনন্দিত।
তিনি বলেন, এ প্রবণতা চীনের শিল্পের প্রাণশক্তি, শহুরে জীবনের উষ্ণতা এবং সামাজিক সুযোগ-সুবিধার আকর্ষণ তুলে ধরে। চীন উন্মুক্ততার নীতি বজায় রাখবে। পারস্পরিক যোগাযোগ ও বিনিময়ের মাধ্যমে আরও বেশি বিদেশিকে চীনকে জানতে এবং চীনের প্রতি অনুরাগী হয়ে উঠতে সহায়তা করবে। সূত্র: সিএমজি
















