ব্যক্তিস্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছেন ফিলিপাইনের কিছু রাজনীতিবিদ: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় - Mati News
Friday, October 16

ব্যক্তিস্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছেন ফিলিপাইনের কিছু রাজনীতিবিদ: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

ব্যক্তিগত স্বার্থে চীনবিরোধী অবস্থান নিয়ে ফিলিপাইনের কিছু রাজনীতিবিদ দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছেন বলে মন্তব্য করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার বিকেলে সাম্প্রতিক সামরিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন শি।

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী তেওদোরোর দক্ষিণ চীন সাগর ইস্যুতে সাম্প্রতিক বক্তব্য এবং চীন সম্পর্কে তার মন্তব্যের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ছেন শি এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ফিলিপাইনের কিছু রাজনীতিবিদ ব্যক্তিগত স্বার্থে চরম চীনবিরোধী অবস্থান নিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন। তারা তথাকথিত ‘হুমকি’ তৈরি করে সামরিক সম্প্রসারণ ও ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন এবং সমুদ্রে অস্থিরতা সৃষ্টি করে বাইরের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।

ছেন শি বলেন, এসব কর্মকাণ্ড সরাসরি ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা ও জনগণের কল্যাণের ক্ষতি করছে। একই সঙ্গে, এগুলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং আসিয়ানের অভিন্ন স্বার্থের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

চীন ও ফিলিপাইনের পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্কেও এসব কর্মকাণ্ডের ধ্বংসাত্মক প্রভাব পড়ছে বলে জানান তিনি।

ছেন শি আরও বলেন, ‘তথ্যই শ্রেষ্ঠ প্রমাণ, ন্যায়বিচার জনগণের হৃদয়ে রয়েছে।’ চীন সব সময় দৃঢ়ভাবে নিজের সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষা করে আসছে। একই সঙ্গে, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে মিলে দক্ষিণ চীন সাগরকে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার সাগরে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ বেইজিং।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *