চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসু প্রদেশের উসিতে চলছে ১৫তম চীনা আন্তর্জাতিক পেটেন্ট মেলা (সিআইপিএফ)। উচ্চমূল্যের পেটেন্ট বাণিজ্য এবং প্রযুক্তিগত উদ্ভাবনের বাস্তব প্রয়োগকে গুরুত্ব দিয়ে এবারের মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার শুরু হওয়া এ মেলা শেষ হচ্ছে রোববার। প্রথমবার এতে উচ্চমূল্যের পেটেন্ট প্রযুক্তি বাণিজ্যের জন্য বিশেষ একটি অঞ্চল রাখা হয়েছে।
প্রচলিত প্রদর্শনী এলাকাকে ‘পেটেন্ট সুপারমার্কেটে’ রূপান্তর করা হয়েছে। এর লক্ষ্য প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য সহজ করা।
এই বাণিজ্যিক অঞ্চলে সরাসরি বিক্রির জন্য বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং পেটেন্ট করা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এতে প্রযুক্তির বৈশিষ্ট্য, প্রয়োগের ক্ষেত্র এবং সহযোগিতার পদ্ধতি তুলে ধরা হচ্ছে। পাশাপাশি কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ ও সরাসরি লেনদেনের সুযোগ রাখা হয়েছে।
চীনের জাতীয় মেধাস্বত্ব প্রশাসনের (সিএনআইপিএ) মেধাস্বত্ব ব্যবহার ও প্রসার বিভাগের উপ-মহাপরিচালক চিয়াং ওয়েই বলেন, ‘দেশের ৩২১টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার পেটেন্ট করা প্রযুক্তি এখানে প্রদর্শিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে উচ্চমানের সরঞ্জাম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রজন্মের ইলেকট্রনিক তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন শিল্পখাতের প্রযুক্তি। এসব উদ্ভাবনের মধ্যে অত্যাধুনিক গুরুত্বপূর্ণ উদ্ভাবনের পাশাপাশি সহজে শিল্প উৎপাদনে ব্যবহারযোগ্য বাস্তবভিত্তিক প্রযুক্তিও রয়েছে।‘
তিনি আরও বলেন, ‘এ বিশেষ অঞ্চল আরও বেশি ভালো প্রযুক্তিকে দ্রুত গবেষণাগার থেকে উৎপাদন লাইন ও বাজারে নিয়ে যেতে সহায়তা করবে বলে তারা আশা করছেন।‘
পেটেন্ট করা প্রযুক্তির হস্তান্তর সহজ করতে ২০ জন পেশাদার প্রযুক্তি ব্যবস্থাপককে মেলায় সরাসরি সেবা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রযুক্তি, বাজার ও বাণিজ্য সংক্রান্ত নিয়ম সম্পর্কে অভিজ্ঞ এসব ব্যবস্থাপক ক্রেতা ও বিক্রেতাদের পেশাদার পরামর্শ, প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা এবং উপযুক্ত অংশীদার খুঁজে পেতে সহায়তা করছেন।
মেলায় ২৬তম চীনা প্যাটেন্ট গোল্ড অ্যাওয়ার্ড এবং চীনা ডিজাইন গোল্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এ বছর মোট ৩০টি পেটেন্ট চীনা প্যাটেন্ট গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
চীনা পেটেন্ট অ্যাওয়ার্ড যৌথভাবে প্রতিষ্ঠা করেছে সিএনআইপিএ এবং বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডাব্লিউআইপিও)। ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২৬টি আসর। স্বাধীন উদ্ভাবনে উৎসাহ দেয়া এবং শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে এ পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: সিএমজি




















