চীনের উত্তরে উচ্চগতির রেলপথে পরীক্ষামূলক চলাচল শুরু - Mati News
Saturday, August 8

চীনের উত্তরে উচ্চগতির রেলপথে পরীক্ষামূলক চলাচল শুরু

 

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের পারমাফ্রস্ট (স্থায়ীভাবে হিমায়িত মাটি) অঞ্চলের মধ্য দিয়ে নির্মিত উচ্চগতির রেলপথের পরীক্ষামূলক পরিচালনা শুরু হলো। বৃহস্পতিবার এ পরীক্ষার মধ্য দিয়ে দেশের সর্ব উত্তরের বুলেট ট্রেন লাইন আনুষ্ঠানিকভাবে চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

পরীক্ষামূলক একটি ট্রেন সকাল ৭টা ৪০ মিনিটে প্রাদেশিক রাজধানী হারবিন থেকে যাত্রা করে দুই ঘণ্টা দুই মিনিট পর বনাঞ্চলীয় শহর ইছুনে পৌঁছায়।

চায়না রেলওয়ে হারবিন ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক পরিচালনার মাধ্যমে ট্রেনের সময়সূচি, আগমন ও প্রস্থান, সার্ভিসের পুনরাবৃত্তি, যাত্রীসেবা সুবিধা এবং বিভিন্ন ব্যবস্থার সামঞ্জস্যতা সমন্বিতভাবে যাচাই করা হচ্ছে। এর ফলাফল রেলপথটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে কাজ করবে।

প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার নকশাগত গতিসম্পন্ন ৩১৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ চালু হলে হারবিন থেকে ইছুন পর্যন্ত যাত্রার সময় বর্তমানের প্রায় সাত ঘণ্টা থেকে মাত্র দুই ঘণ্টায় নেমে আসবে।

ইস্পাত, যন্ত্রপাতি ও তেলশিল্পের ওপর গড়ে ওঠা চীনের ঐতিহ্যবাহী শিল্পকেন্দ্রগুলোর একটি হিসেবে পরিচিত হেইলংচিয়াং এখন নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তির দিকে এগোচ্ছে। নতুন এই রেলপথ প্রদেশটির সার্বিক পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এটি পর্যটন এবং প্রদেশটির পরিবেশগত সম্পদের উন্নয়নেও সহায়তা করবে।

আল্পাইন পারমাফ্রস্ট অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া এই রেলপথে অসংখ্য সেতু নির্মাণ করা হয়েছে। এসব সেতুর মোট দৈর্ঘ্য রেলপথের এই অংশের ৭২ শতাংশের সমান।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *