চীনের কুয়াংতোং প্রদেশে মঙ্গলবার চীন ও ইন্দোনেশিয়ার যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক প্রশিক্ষণ ‘শার্প নাইফ ২০২৬’-এর উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুই দেশের সেনাসদস্যদের গোয়েন্দা নজরদারি, যোগাযোগব্যবস্থা, চালকবিহীন প্রযুক্তি, স্নাইপিং ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের পরিকল্পিত সামরিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর যুদ্ধোপযোগী প্রশিক্ষণ ও অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো।
প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনী বিষয়-ভিত্তিক সেমিনার, অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে অংশ নেবে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আগের এক বিবৃতি অনুযায়ী, পার্বত্য অঞ্চলে যৌথ সন্ত্রাসবিরোধী উদ্ধার অভিযান পরিচালনার ওপর এ প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে পাহাড়ে আরোহণ, বিশেষ যানবাহন চালনা, হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে অবতরণ, স্বল্প দূরত্বে আক্রমণ এবং চালক ও চালকবিহীন ব্যবস্থার সমন্বিত ব্যবহার অনুশীলন করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ধারাবাহিক এ প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় সংস্করণের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বাস্তব-ভিত্তিক বিনিময় ও সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি যৌথ অভিযান পরিচালনার সক্ষমতাও বাড়বে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ এ প্রশিক্ষণ নভেম্বরের শুরুর দিক পর্যন্ত চলবে।
সূত্র: সিএমজি





















