চীন-উজবেকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক: কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী লি ছিয়াং - Mati News
Tuesday, November 3

চীন-উজবেকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক: কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী লি ছিয়াং

জ্বালানি ও সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করার পাশাপাশি উজবেকিস্তানের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করতে আগ্রহী চীন। শনিবার উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লা আরিপভের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

মধ্য এশিয়ার দেশটিতে সরকারি সফরে থাকা লি ছিয়াং বলেন, আগামী বছর চীন ও উজবেকিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছর পূর্তি হবে। এ উপলক্ষকে কাজে লাগিয়ে দু’দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেয়া, রাজনৈতিক আস্থা বাড়ানো এবং বাস্তবভিত্তিক সহযোগিতা গভীর করতে চায় বেইজিং। এর মাধ্যমে দু’দেশের জনগণের জন্য আরও সুফল বয়ে আনার প্রত্যাশা করেন তিনি।

লি ছিয়াং বলেন, দু’দেশের অর্থনীতির পরিপূরক শক্তিকে কাজে লাগিয়ে অবকাঠামো ও অর্থায়নসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো প্রয়োজন।

চীন উজবেকিস্তানের আরও উন্নত ও বিশেষায়িত পণ্য আমদানি করতে আগ্রহী বলেও জানান লি। পাশাপাশি চীনের আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নিয়ে দেশটির বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে উজবেকিস্তানকে আহ্বান জানান।

জবাবে উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লা আরিপভ বলেন, উজবেকিস্তানের সংস্কার ও উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থনকে তারা আন্তরিকভাবে মূল্যায়ন করে। দু’দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, খনিজ সম্পদ, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকের পর দুই নেতা বাণিজ্য, শিক্ষা, শুল্ক, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। ই-কমার্স, জলবায়ু ও গণমাধ্যম খাতেও দু’দেশের মধ্যে সহযোগিতার নথি স্বাক্ষরিত হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *