চীন ও ভিয়েতনামের দুই দল এবং রাষ্ট্রের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ করে দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। রোববার বেইজিং-এ ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন, চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।
বৈঠকে চীন ও ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে আলোচনা করেন দু’দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। এ সময় ওয়াং হুনিং বলেন, কয়েকটি নীতির সামগ্রিক লক্ষ্য সামনে রেখে সব ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নেয়া এবং চীন-ভিয়েতনাম অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।
ওয়াং আরও বলেন, দু’দেশের আধুনিকায়নের অগ্রযাত্রায় পারস্পরিক অবদান রাখতে ভিয়েতনামের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করতে চায় সিপিপিসিসি’র জাতীয় কমিটি।
অন্যদিকে, চীনের অর্জনের প্রশংসা করেন চ্যান থান মান। তিনি বলেন, ভিয়েতনাম দৃঢ়ভাবে এক চীন নীতি অনুসরণ করে। চীনের সঙ্গে যোগাযোগ বাড়ানো, সমাজের বিভিন্ন পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং ভিয়েতনাম-চীন অভিন্ন ভবিষ্যতেরে সম্প্রদায় গড়ে তুলতে কাজ করতে প্রস্তুত ভিয়েতনামের জাতীয় পরিষদ।
সূত্র: সিএমজি বাংলা



















