চীন-লাটভিয়া পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, পাশে থাকার আশ্বাস - Mati News
Wednesday, October 7

চীন-লাটভিয়া পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, পাশে থাকার আশ্বাস

নেপাল-সিচাং অঞ্চলে ভূমিধসে লাটভিয়ার নাগরিক নিখোঁজের ঘটনায় লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাইবা ব্রেজকে সমবেদনা জানানোর পাশাপাশি দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার তাদের মাঝে ফোনালাপ হয়। সেখানে এই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন এগিয়ে নিতে লাটভিয়ার পাশে থাকার কথাও বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

ফোনালাপে বাইবা ব্রেজ বলেন, লাটভিয়া ও চীন সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী যৌথভাবে উদ্‌যাপন করেছে। বহু বছর ধরে দুই দেশের মধ্যে ইতিবাচক ও বাস্তব-ভিত্তিক সহযোগিতামূলক সম্পর্ক বিরাজ করছে। এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো বহুপক্ষীয় প্ল্যাটফর্মে দুই দেশ চমৎকার সহযোগিতা বজায় রেখেছে।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন এগিয়ে নিতে লাটভিয়া চীনের সঙ্গে যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করতে আগ্রহী।

ব্রেজ জানান, নেপাল ও চীনের সিচাং স্বায়ত্ত্বশাসিত অঞ্চলে সাম্প্রতিক ভূমিধসে লাটভিয়ার ৩৩ জন নাগরিক নিখোঁজ হন। তিনি চীনের দেওয়া তথ্য, দুর্যোগের পর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এবং নিখোঁজদের পরিবারের প্রতি প্রকাশ করা আন্তরিক সমবেদনার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, লাটভিয়া চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে এবং পরবর্তী কার্যক্রম যৌথভাবে পরিচালনা করতে প্রস্তুত।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, নেপালের অংশে আকস্মিক বরফ-পাথর-ভূমিধসের কারণে কাদাঢলের সৃষ্টি হয়। এতে চীনের সিচাংয়ের জাইরোং কাউন্টিতে ব্যাপক হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটে। তিনি আরও জানান, ইউরোপের দেশগুলোর মধ্যে লাটভিয়ারই সবচেয়ে বেশি নাগরিক নিখোঁজ হয়েছেন।

তিনি আরও বলেন, চীনা ও বিদেশি নাগরিকদের সহায়তা দিতে সর্বাত্মক চেষ্টা করছে চীন। লাটভিয়া ও অন্যান্য দেশের নিখোঁজ নাগরিকদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখতে চীন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং পরবর্তী বিষয়গুলো যথাযথভাবে পরিচালনা করবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *