জাপানের ক্ষমতাসীন কর্তৃপক্ষের ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র অর্জনের উচ্চাকাঙ্ক্ষা আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছে চীন। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
মাও নিং বলেন, জাপানের বর্তমান সরকার পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দায়বদ্ধতা উপেক্ষা করছে। একই সঙ্গে ধাপে ধাপে পরমাণু অস্ত্রের ওপর বিধিনিষেধ শিথিল করার চেষ্টা করছে এবং মিত্রদেশগুলোর সঙ্গে ‘বর্ধিত প্রতিরোধ’ ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিচ্ছে।
তিনি বলেন, জাপান ‘পারমাণবিক অস্ত্র না রাখার তিনটি নীতি’ পরিত্যাগ করার পরিকল্পনা করছে। পাশাপাশি দেশটি পারমাণবিক সাবমেরিন সংগ্রহের চেষ্টা করছে, এমনকি জাপানের ভূখণ্ডে পরমাণু অস্ত্র মোতায়েনের উদ্যোগও নিচ্ছে। এসব পদক্ষেপ এশিয়া তথা গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি।
মাও নিং জোর দিয়ে বলেন, যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা মেনে চলা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা পালনের প্রশ্নে জাপানের জন্য তথাকথিত আলোচনার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, জাপানের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে গুরুত্ব দেওয়া, অতীতে জাপানি সামরিকতাবাদের সংঘটিত অপরাধ নিয়ে গভীর আত্মসমালোচনা করা এবং পুনরায় সামরিক শক্তি সম্প্রসারণ ও পরমাণু অস্ত্র অর্জনের অভিপ্রায় পুরোপুরি পরিত্যাগ করা।
আন্তর্জাতিক সম্প্রদায়ের বিপরীতে আবারও অবস্থান নেওয়া জাপানের উচিত হবে না বলেও জানান মাও নিং।
সূত্র: সিএমজি




















