জাপানের আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসের পর্দা নেমেছে শনিবার। এবারের আসরে ২০৭টি স্বর্ণসহ মোট ৪৩৫টি পদক জিতে টানা পঞ্চমবারের মতো পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চীন।
এশিয়ার ৪৫টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১৮টি খেলায় প্রায় ৫০০টি ইভেন্টে অংশ নেন। চীনের ৩১২ সদস্যের দল ২০৭টি স্বর্ণ, ১১৭টি রৌপ্য ও ১১১টি ব্রোঞ্জ পদক অর্জন করে। চীনের বাইরে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে এটিই দেশটির সর্বোচ্চ পদকসংখ্যা। প্রতিযোগিতায় চীনা ক্রীড়াবিদরা ১১টি বিশ্ব রেকর্ড ও ১৮টি এশীয় রেকর্ড গড়েছেন।
পদক তালিকায় স্বাগতিক জাপান দ্বিতীয় এবং উজবেকিস্তান তৃতীয় স্থান অর্জন করেছে।
শনিবার নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলের পতাকাবাহকেরা মাঠে প্রবেশ করেন। ছয়টি স্বর্ণপদকজয়ী চীনা প্যারা ফেন্সার চং সাইছুন দেশটির জাতীয় পতাকা বহন করেন।
আয়োজক কমিটির সভাপতি হিদেয়াকি ওমুরা ক্রীড়াবিদ ও আয়োজনে যুক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতিকূলতা মোকাবিলা করে নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য ক্রীড়াবিদদের প্রচেষ্টা বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করেছে।
এশিয়ান প্যারালিম্পিক কমিটির সভাপতি মাজিদ রাশেদও ক্রীড়াবিদদের পারফরম্যান্স ও দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা ও সমাজে আরও বেশি সুযোগ নিশ্চিত করাই হবে এই আয়োজনের দীর্ঘমেয়াদি সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি।
অনুষ্ঠানে এশিয়ান প্যারালিম্পিক কমিটির পতাকা দোহা-২০৩০ এশিয়ান গেমস আয়োজক কমিটির প্রধান নির্বাহী আহমাদ আবদুল্লাহ আল বুয়েনাইনের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে পরবর্তী আসরের আয়োজক হিসেবে কাতারের রাজধানী দোহার প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় সমাপনী অনুষ্ঠান এবং নিভিয়ে দেওয়া হয় গেমসের মূল শিখা।
সূত্র: সিএমজি



















